আশিস কুমার ঘোষ, হাবড়া

মহা সমারোহে অনুষ্ঠিত হল হাবড়া গার্লস হাইস্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান। গত ১ বছর ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে গত ৩ জানুয়ারি ও আজ ৫ জানুয়ারি বর্ণময় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সমাপ্তি অনুষ্ঠান। আজ সোমবার সকালে বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বারাসাতের মহকুমাশাসক সোমা দাস, উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি বীনা মণ্ডল, উচ্চশিক্ষা পর্ষদের সহসচিব রাজু দাস, জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, হাবড়া পুরসভার স্বাস্থ্য অধিকর্তা ডা: মানস দাস, হাবড়ার প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস, স্থানীয় কাউন্সিলর দীপক দে প্রমুখ। মহকুমাশাসক সোমা দাস বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যেশ্য বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রথমেই জীবনের লক্ষ্য স্থির করতে হয়, লক্ষ্যে পৌঁছাতে পারলে জীবনের বাকি বেশিরভাগ সময় সুন্দর ভাবে কাটানো সম্ভব হয়। এজন্য প্রত্যেক ছাত্রীকে প্রতিদিন বিদ্যালয়ে এসে বিদ্যাসাগরের মূর্তির সামনে নিজেদের লক্ষ্যের কথা স্মরণ করতে হবে। উল্লেখ্য, বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি দেবদাস চট্টোপাধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে এই মূর্তিটি নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন। দুদিনের এই অনুষ্ঠানে কবিতা পাঠ, পঞ্চকবির গান, আধুনিক সংগীত, লোকসংগীত, শ্রুতি নাটক শাস্ত্রীয় নৃত্য, মূকাভিনয় এবং নাটক মঞ্চস্থ হয়।

93 Views