আশিস কুমার ঘোষ, হাবড়া
রাজ্য জুড়ে ইংলিশ মিডিয়াম স্কুলের বাড়বাড়ন্তের মধ্যেও একটা গ্ৰামীণ স্কুল পৃথিবা কুমার গোকুলচন্দ্র মেমোরিয়াল হাইস্কুল ৭৫ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে বছরভর নানা কর্মসূচির আয়োজন করেছে প্রান্তিক এলাকার এই বিদ্যালয়। অনুষ্ঠানের সূচনা হল গত ১ ফেব্রুয়ারি রবিবার। এদিন বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এই বিদ্যালয়ের এই পূর্বতন প্রধান শিক্ষক কালীপদ ঘোষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হাবিবুর রহমান। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মুকুন্দলাল বিশ্বাস। এরপর সাদা পায়রা ওড়ান এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা হাবড়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী। জাতীয় পতাকার রঙের ৭৫টি বেলুন উড়িয়ে দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা পরবর্তীতে ভোলানাথ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ। এদিন এই উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৃথিবা, বদর, ইছাপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সমাজকর্মী শান্তিরঞ্জন দে, চৌমাহা স্কুলের বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ সাহেব, বাণীপুর ডি. এড. কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ইমান আলী, মধ্যমগ্রাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী প্রমুখ।
ছবি : সুদিন গোলদার


