আশিস কুমার ঘোষ, হাবড়া
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, গাইঘাটা, হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, বারাসাত-সহ বিভিন্ন ক্রিকেট একাডেমিকে এক ছাতার নিচে এনে তৈরি করা হলো ইউনাইটেড এসোসিয়েশন অব ক্রিকেট একাডেমিস। ইতিমধ্যে ১২টি ক্রিকেট কোচিং একাডেমি এই এ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছে। সংস্থার সভাপতি মনোনীত হয়েছেন শুভঙ্কর ঘোষ এবং সম্পাদক কার্তিক দে। বুধবার হাবড়ায় এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্থার আত্মপ্রকাশ ঘটে। এদিন এই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে, ছোট ছোট শিশুদের মধ্য থেকে প্রতিভাবান ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে কোচিং সেন্টারগুলোকে বিভিন্ন সময়ে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। সমবেত ভাবে এই সমস্যা মোকাবেলা করতে এই এ্যাসোসিয়েশন আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্ৰহণ করবে। অনূর্ধ্ব ১৩ ,১৫ ও ১৮ বছর বয়সী তিন বিভাগে উদীয়মান ক্রিকেটার বাছাই করে জাতীয় স্তরে খেলার সুযোগ সৃষ্টি করবে এই এ্যাসোসিয়েশন। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে জেলার প্রায় শতাধিক খুদে ক্রিকেটার ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

