পার্থ মিত্র, অশোকনগর

‘কাজ করো নয় গদি ছাড়ো, লুটের তিন কোটি ফেরত করো’ দাবিতে অশোকনগর কল্যাণগড় পুরসভা অভিযান করল বামফ্রন্ট। বৃহস্পতিবার সকালে বামফ্রণ্টের অশোকনগর শাখার পক্ষ থেকে ৬ দফা দাবি নিয়ে পুরসভা অভিযানে সামিল হয় সিপিএম, সিপিআই-সহ শরিক অন্যান্য বামদলগুলির কর্মী-সমর্থকরা। গত প্রায় দেড়মাস ধরে পুর-পরিষেবা স্তব্ধ থাকা এবং কাউন্সিলরদের নিরুদ্দেশ থাকার ম বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন বামফ্রণ্টের পক্ষ থেকে পুরসভার কম্পোজিশন কমিটির সদস্য ঋক সপ্তসাউ-এর কাছে এবং পুরপ্রধানের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করা হয়। বামফ্রণ্টের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় পয়ঃপ্রণালী পরিষ্কার করতে হবে। অবিলম্বে জঙ্গলে মুখ ঢাকা শহর পরিষ্কার করতে হবে এবং শহরে ছড়িয়ে থাকা আবর্জনার অপসারণ করতে হবে। মশা বাহিত বিভিন্ন রোগপ্রবণ এই শহর থেকে তীব্র মশার যন্ত্রণা দূর করতে অবিলম্বে মশার তেল ছড়ানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও, বিপর্যস্ত, অর্ধনির্মিত রাস্তাগুলি দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়েছে উল্লেখ করে বামফ্রণ্টের পক্ষ থেকে সড়ক সংস্কারের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, বাংলার একমাত্র এই পুরসভায় চেক কেটে ৩ কোটি টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অথচ ওই চেকে স্বাক্ষরকারীরা আদালতের দোহাই দিয়ে বহাল তবিয়তেই রয়েছেন। অপরাধীদের গ্রেফতার এবং উধাও হওয়া টাকা পুরসভার তহবিলে ফেরত চাই। সবশেষ দাবি হলো, বিস্তীর্ণ অঞ্চলের কর্মসংস্থান এবং উন্নয়নের স্বার্থে ওএনজিসি প্রকল্প রূপায়ণে শীতঘুম ভেঙে পুর-প্রশাসনকে সক্রিয় হতে হবে।

102 Views