অমর চক্রবর্তী, হাবড়া

একটু বৃষ্টি হলেই জলে ভেসে যায় হাবড়া গার্লস স্কুলের সামনের পথ। হাবড়া পুরসভার ১৩ নং ওয়ার্ডের আশুতোষ কলোনী-ইন্দিরা সরণি এবং স্কুল রোডের সংযোগকারী এই পথ দিয়েই যাতায়াত করে অগণিত পড়ুয়া ছাড়াও স্থানীয় বহু মানুষ। আশুতোষ কলোনী, হিজলপুকুর-সহ দক্ষিণ হাবড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই পথেই স্টেশনে যাতায়াত করেন। অথচ, গত একবছর ধরে এই রাস্তা এমন বেহাল অবস্থায় রয়েছে। অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তার এমন পরিস্থিতি নিয়ে হাবড়া পুর-প্রশাসনের কোনও হেলদোল নেই৷ ফলে হাবড়ার দুটি প্রধান স্কুল, হাবড়া হাইস্কুল ও গার্লস স্কুল ছাড়াও দুটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা জলমগ্ন রাস্তা দিয়েই যাতায়াত করতে বাধ্য হয়। জুতো মোজা ভিজিয়ে ক্লাস করতে বাধ্য হয় তারা। আর এর ফলে বহু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলেও অভিযোগ।

জানা গেছে, বছর খানেক আগে স্কুল রোডের (বড়ালিয়া রোড থেকে স্টেশনের ওভারব্রিজ পর্যন্ত) সংস্কারের কাজ চলতে চলতে বন্ধ হয়ে যায়। ফলে গার্লস স্কুলের সামনের পথ বা ইন্দিরা সরণি ও স্কুল রোডের সংযোগকারী পথে জলনিকাশি ব্যবস্থার কাজও আর হয়নি। সেই থেকেই বর্ষায় এই পথে পড়ুয়াদের ভোগান্তি চলছে। পড়ুয়াদের নিত্যদিনের পথ এই রাস্তার এই অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় প্রবীণ নাগরিক, ছাত্রছাত্রীদের হিতাকাঙ্ক্ষী দেবদাস চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি জানান, ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগের এই বিষয়টি একাধিকবার পুরপ্রধান এবং স্থানীয় কাউন্সিলারের নজরে আনা হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষার উন্নতিতে পড়ুয়াদের স্বার্থে যত দ্রুত সম্ভব এই পথে জলনিকাশি ব্যবস্থা করার জন্য পুর-প্রশাসনের প্রতি এদিন তিনি আবেদন জানান।

77 Views