আশিস কুমার ঘোষ, কলকাতা
বিশিষ্ট কবি, গ্রন্থকার অনীশ কাঞ্জিলালের নতুন কাব্যগ্রন্থ ‘আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’ বুধবার সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হয়। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এই কাব্যগ্রন্থের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কবি জানান এই নতুন গ্রন্থটিতে নারীদের সামাজিক পরিচিতি, প্রতিষ্ঠা ও সামাজিক ক্ষেত্রে নানা ভূমিকা নিয়ে মোট ৩০টি কবিতা ছাপা হয়েছে। অনীশ কাঞ্জিলাল ২৩ জুন ১৯৭৬ সালে কলকাতায় জন্মগ্রহণকারী এক বিশিষ্ট ভারতীয় কবি ও লেখক, যার সাহিত্য চিন্তা মানব জীবনের গভীরতর সত্যকে অনুসন্ধান করে। কলকাতার সমৃদ্ধ সাহিত্য, ঐতিহ্যের পরিবেশে বেড়ে ওঠায় তার ভাবনা ও সৃজন বোধ শৈশবেই রূপ পায়। সেন্ট মেরিজ স্কুল, বিদ্যাসাগর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও আইজিএনইউতে শিক্ষালাভের পর তিনি এসটিজি থেকে যোগাযোগ ও প্রোগ্রামিং এ ডিপ্লোমা অর্জন করেন। বর্তমানে তিনি এডুকেয়ার দ্য ইনস্টিটিউট-এর পরিচালক ও ইংরেজি বিভাগের প্রধান হিসেবে অধ্যাপনা ও সাহিত্যচর্চাকে এক সূত্রে বাঁধছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ Fateless13, মানব জীবনের নশ্বরতা, অস্তিত্ব ও ইতিহাসকে অনন্য দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে। 11 Oracles এ তিনি জীবনের চক্রাকার গতি, বিশৃঙ্খলা ও শৃঙ্খলার চিরন্তন দ্বন্দ্ব এবং অস্তিত্বের গুপ্ত সত্য অনুসন্ধান করেছেন। কবিতাকে তিনি মনে করেন দৈনন্দিন জীবনের সঙ্গে অধিবিদ্যাকে যুক্ত করার সেতু। চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’ কেবল একটি কাব্য সংকলন নয় এটি আত্ম অন্বেষণ, প্রশ্ন প্রতিবাদ ভালোবাসা এবং মানবিকতার এক গভীর যাত্রাপথ। এই গ্রন্থ পাঠককে শুধু কবিতার নান্দনিক আনন্দই দেবে না, বরং নিজস্ব জীবন সময় ও সত্তাকে নতুন করে ভাবার সুযোগও করে দেবে। বলা যায় যে, দে’জ পাবলিশিং এর উদ্যোগে আয়োজিত এই গ্ৰন্থপ্রকাশ অনুষ্ঠান বাংলা সাহিত্যাঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

