ওয়েব ডেস্ক : অসমের গোলাঘাট জেলার একটি দায়রা আদালত থেকে জামিন পাওয়ার একদিন পরেই, সরকার সমাজকর্মী প্রণব দোলুর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) প্রয়োগ করা হয়েছে। প্রণব দোলু এলাকাবাসীদের নিয়ে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশে একটি বিলাসবহুল হোটেল নির্মাণের বিরোধিতা করে আসছেন। কারণ, হোটেল নির্মাণ হলে উদ্যানের প্রাণী জীবন ও জীব বৈচিত্র্যের উপর ব্যাপক ক্ষতিকারক প্রভাব পড়বে এবং পরিবেশ ধ্বংস হবে। সেই সঙ্গে এলাকাবাসী বিশেষ করে অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ বাস্তুচ্যুত হবেন।
জামিন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে অসম সরকার প্রণব দোলুকে পাঠানো এক নির্দেশনামায় জানিয়েছে যে, তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে রয়েছে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় উস্কানি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়া-সহ অন্যান্য অভিযোগ। সরকার আরও অভিযোগ করেছে যে, দোলু বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ‘সন্দেহজনক উৎস থেকে লেনদেন’ করেছেন।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম ইঙ্গলে একটি হোটেল নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় গত ১২ জুলাই যে দুজন আন্দোলনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রণব দোলু তাঁদের মধ্যে একজন ছিলেন। মামলার শুনানির সময় বিচারক বলেন যে, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, এই বিরোধের সূত্রপাত হয়েছে ‘পরিবেশগত অবক্ষয় থেকে এবং এ এক গভীর উদ্বেগের বিষয়’ এবং স্থানীয় চা-জনগোষ্ঠীর আর্থ-সামাজিক কাঠামোর উপর এর প্রভাব পড়বে। আদালত আরও বলেছে, ‘যেসব ক্ষেত্রে পরিবেশগত সংরক্ষণ আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত, সেখানে স্থানীয় উদ্বেগ দমনের জন্য ফৌজদারি আইনের প্রচলিত কাঠামো ব্যবহার করা যায় না। ক্ষতিগ্রস্তদের কণ্ঠরোধ করে নয়, বরং তাদের কথা শুনেই প্রকৃত জনশৃঙ্খলা অর্জিত হয়।’ বিচারক বলেন, তিনি আশা করেন যে এই প্রতিবাদের পেছনের মূল অভিযোগটি ‘বৈরী সংঘাতের পরিবর্তে, সকল অংশীদারকে নিয়ে একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ সামাজিক আলোচনার মাধ্যমে’ সমাধান করা হবে। অতিরিক্ত দায়রা জজ এনএম আবদুল্লাহ আহমেদ গত ২৯ জুলাই তাঁর জামিনের আদেশে বলেন যে, তদন্তকারী কর্তৃপক্ষ ইতোমধ্যে মূল সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেছেন এবং অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রমাণ গোপন বা বিকৃত করার কোনও সম্ভাবনা নেই। জজ ২০,০০০ টাকার জামানতের শর্তে সমাজকর্মী প্রণব দোলুর জামিন মঞ্জুর করেন।
কিন্তু, রাজ্য সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রণব দোলুর জামিনের একদিন পরেই জাতীয় সুরক্ষা আইন (NSA) প্রয়োগ করে। এই আইন প্রয়োগের অর্থ হলো, জামিনের আদেশ থাকা সত্ত্বেও প্রণব দোলুকে মুক্তি দেওয়া হবে না।

(সূত্র : scroll.in 31st July)

91 Views