ওয়েব ডেস্ক : ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদীদের বিরুদ্ধে রাজ্য সরকারগুলিকে সুপ্রিম কোর্ট এফআইআর নথিভুক্ত করার অনুমতি দেওয়ার একদিন পর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বললেন, ভারতে গণতন্ত্র বর্তমানে গুরুতর হুমকির মুখে, কারণ বিচার বিভাগ নিয়ে একটি বিশাল ‘প্রশ্নচিহ্ন’ রয়েছে। সেই সঙ্গে দেশের গণতন্ত্র রক্ষায় বিচার বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
৩০ জুলাই বৃহস্পতিবার দ্য ইকোনমিক টাইমস-কে
দীপকে বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র গুরুতর হুমকির মুখে, কারণ আমাদের বিচার বিভাগ নিয়ে একটি বিশাল প্রশ্নচিহ্ন রয়েছে। দল ভাঙার জন্য সিবিআই এবং ইডি-কে ব্যবহার করা হচ্ছে। আমরা আমাদের রাজ্যে দেখেছি যে, এই দুটি সংস্থার সাহায্যে শিবসেনা এবং এনসিপি ভেঙে দেওয়া হয়েছে। আর গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান নীরব থেকেছে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা এবং কোনও এক ব্যক্তির স্বৈরাচার যাতে না থাকে তা নিশ্চিত করা তাদের কাজ ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে’।
দীপকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-রও সমালোচনা করেন এবং বলেন যে, সরকারের সঙ্গে তাঁর লড়াই শেষ হয়নি। এজন্য সারা দেশের এক হওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। যন্তর মন্তরে সিজেপি-র নেতৃত্বে চলা ধারাবাহিক বিক্ষোভের জেরে তাঁর পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীকে বেছে নেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি।
দীপকে বলেন, ‘ওরা প্রধানকে সরিয়ে এমন একজনকে এনেছে যে বিলকিস বানোর ধর্ষকদের স্বাগত জানায় ও সমর্থন করে। আপনারা কী ধরনের বার্তা দিচ্ছেন? কিন্তু ওরা আর কী-ই বা করতে পারে? ওদের পুরো দলটাই গুন্ডায় ভরা; ওদের দলে কুলদীপ সেঙ্গার আছেন। ওদের সরকারের অধীনে রাম রহিম প্যারোলে বেরিয়ে আসে। এটা এমন এক সরকার যা ধর্ষকদের সমর্থন করে।’
এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নেওয়ার জন্য প্রশ্ন তুলেছিল কংগ্রেস এবং বলেছিল যে, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনের অকাল মুক্তির পর তিনি ‘সম্মতি ও আনন্দ প্রকাশ করেছেন’।
দীপকে দাবি করেন যে, তিনি এবং তাঁর পরিবারকে বিজেপি দলে যোগদান করার জন্য হুমকি দিয়েছে। তিনি বলেন, তাদের দলে যোগ দেওয়ার জন্য বিজেপি প্রস্তাব দিয়েছিল। তারা আমাকে হুমকি দিয়েছে, আনার বাবা মাকেও হুমকি দিয়েছ্র। যদিও আমি পরিষ্কার যে আমি তাদের দলে যোগ দেব না।

