ওয়েব ডেস্ক : অশোকনগর যুবক সংঘের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির, নাট্যোৎসব এবং নানান প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। অশোকনগর ২নং স্কিমে ১৯৫২ সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই ক্লাবের ৭৫তম বর্ষ উদযাপনের সূচনা হবে আগামী ২ আগস্ট রবিবার সকাল ৭টায়। এদিন সংঘের পতাকা উত্তোলন ও সভাপতি কর্তৃক ৭৫তম বর্ষ উদযাপনের উদ্বোধন ঘোষণার মাধ্যমে সূচনা হবে ৮ দিন ব্যাপী অনুষ্ঠানের। এদিন সকাল ৭.৩০টায় শুরু হবে মোটর সাইকেল ও সাইকেল র‍্যালি। এরপর সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান উৎসব। আর সন্ধ্যা ৬টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ আগস্ট, সোমবার সকাল ১১টায় অশোকনগর হাসপাতালে ফল বিতরণ, বিকাল ৪টায় রয়েছে অতীতে ক্লাবের দায়িত্ব পালনকারী সদস্যদের সংবর্ধনা এবং সন্ধ্যা ৬টায় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। ৪ আগস্ট, ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির এবং সন্ধ্যা ৭টায় পাপেট থিয়েটার (পুতুল নাটক), নাটক – তোতা কাহিনী পরিবেশিত হবে। এছাড়াও রাত ৮টায় রয়েছে শিশুশিল্পী সমন্বয়ে একটি একাঙ্ক নাটক। এই দুটি অনুষ্ঠানই পরিবেশন করবে অশোকনগর শিশু উৎসব কমিটি।

৫ আগস্ট বুধवाव বিকাল ৫টায় রয়েছে যোগাসন প্রদর্শনী। পরিচালনা করবেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাস। এদিন রাত ৮টায় পরিবেশিত হবে বালির বিবেক প্রযোজিত ছোট নাটক ‘আমরা ভালো নেই’। ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রয়েছে সঙ্গীনুষ্ঠান এবং রাত ৮টায় নাটক পরিবেশিত হবে ঠাকুরনগর অনুরঞ্জন প্রযোজিত নাটক ‘বদনাম’। ৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় রয়েছে সঙ্গীতানুষ্ঠান এবং রাত ৮টায় পরিবেশিত হবে অশোকনগর অভিযাত্রী প্রযোজিত নাটক ‘গুলধর সোরেন ও এক ডাইনির গল্প’। ৮ আগস্ট, শনিবার থেকে শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিন রয়েছে তিনটি বিভাগে রবীন্দ্র নৃত্য এবং সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা। দুপুর আড়াইটায় প্রতিযোগিতা শুরু হবে। শেষ দিন অর্থাৎ ৯ আগস্ট রবিবার অনুষ্ঠান শুরু সকাল ৯টায়। এদিন রয়েছে তিনটি বিভাগে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং রবীব্দ্র সঙ্গীত ও আধুনিক বাংলা গান (নজরুলগীতি-সহ) প্রতিযোগিতা। আধুনিক বাংলা গান প্রতিযোগিতায় সর্বসাধারণের অংশগ্রহণের সুযোগ রয়েছে। আর এরপর রয়েছে সন্ধ্যা ৭টায় রয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সবশেষে থাকছে জনপ্রিয় বাংলা ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান। অশোকনগর যুবক সংঘের সভ্যবৃন্দের পক্ষে এ খবর জানিয়েছেন বরুণ গুহ (কুট্টি)। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করার জন্য রক্তদাতাদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি সমগ্র অনুষ্ঠান সফল করতে সকলকে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন।

78 Views