ওয়েব ডেস্ক : গুন্ডা আইন বাতিল করো, এনকাউন্টার চলবে না, এনকাউন্টারের সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র-ছাত্রী যুবদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না, বাদ পড়া ভোটারদের অবিলম্বে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে ইত্যাদি দাবিতে রবিবার বিকেলে গণ প্রতিবাদী মঞ্চ (বারাসাত), এপিডিআর বারাসাত শাখা, সিপিডিআরএস, বৃহত্তর বারাসাত প্রতিবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চ ও বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদী মিছিল বারাসাত রেল স্টেশন ১নং প্লাটফর্ম চত্বর থেকে শুরু হয়ে বারাসাত শহর পরিক্রমা করে। মিছিল শেষে গণ সংগঠনগুলির পক্ষে নোটন কর এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ দেশ-সহ বাংলায় ফ্যাসিবাদী আক্রমণ শ্রমজীবী-সহ ছাত্র যুবদের উপর তীব্রভাবে নেমে এসেছে। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেই হকার উচ্ছেদ থেকে বিচার বহির্ভূত এনকাউন্টার করেছে। গুন্ডা আইন তৈরি করেছে মূলতঃ বিরোধীদের, সংখ্যালঘু ও প্রতিবাদকারীদের দমন করার জন্য। মনীষীদের চরম অবমাননা করা হচ্ছে, বিরোধীদের উপর ‘মববাজী’ করা হচ্ছে ইত্যাদি। তিনি ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানান।
115 Views


