অভিজিৎ সান্যাল

অশোকনগর কমলা নেহরু বালিকা বিদ্যালয়ে রবিবার সকাল ১০টায় থেকে শুরু হয় রাজ্যের বৃহত্তম কর্মমেলা ‘হকার স্পেশাল কর্মসংস্থানের হাট’। সম্প্রতি কর্মহীন হয়ে যাওয়া হকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত এই হাটে ছিল বিপুলসংখ্যক কর্মপ্রার্থীর ভিড়। এদিন হকার ছাড়াও এমন বহু মানুষকে ফর্ম ফিলাপের আওতায় রাখা হয়, যাদের কাজের জরুরি দরকার আছে। কর্মসংস্থানের হাটের মুখ্য সংগঠক সঞ্জয় দাস জানান, এই হাটে নাম নথিভুক্তিকরণের কাজে যুক্ত হয়েছে ৯টি কোম্পানি।
অটোমোবাইল, ম্যানুফাকচারিং, লজিসটিকস, কনস্ট্রাকশন এবং অন্যান্য নিয়ে প্রায় ১৫ রকম বেসরকারি সংস্থায় কর্মপ্রার্থীরা কাজের সুযোগ পাবেন। জানা গেছে, এদিন প্রাথমিক পর্যায়ে এক হাজারেরও বেশি কর্মপ্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাদের নির্দিষ্ট ভাবে কাজের অফারও দেওয়া হয়েছে। আর এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে একমাসের মধ্যে। এদিন প্রায় ২০০০ কর্মপ্রার্থীর আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ের ফর্ম ফিলাপের দিন পরে ঘোষণা করা হবে।

79 Views