সুদিন গোলদার

হাবড়ায় বিশিষ্ট রসায়ণ বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৬তম জন্মদিবস উদযাপন করল খুলনা সমিতির হাবড়া শাখা। ২ আগস্ট রবিবার বিকালে হাবড়া গার্লস হাইস্কুলের সুদৃশ্য অডিটোরিয়ামে প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শুক্লা চন্দ। সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সংগঠনের সভাপতি ডা. দুলালকৃষ্ণ দাস। অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে সংগঠনের হাবড়া শাখার সদ্যপ্রয়াত কার্যকরী সভাপতি গোপীনাথ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে নীরবতা পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মনোজকুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর সাধারণ সম্পাদক পিনাকপানি দত্ত।

এদিন এই অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য রতন শিকদার, সংগঠনের মধ্যমগ্রাম শাখার সম্পাদক আগমনী বন্দ্যোপাধ্যায় ও বারাসত শাখার সম্পাদক পার্থ দাস। এরপর বিজ্ঞানী তথা সমাজকর্মী প্রফুল্লচন্দ্র রায়ের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ আলোকপাত করেন। উপস্থিত ছিলেন সমিতির হাবড়া শাখার প্রধান উপদেষ্টা দেবদাস চট্টোপাধ্যায়, সভাপতি ড. নিরঞ্জন বন্দোপাধ্যায় প্রমুখ। সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সংগঠনের হাবড়া শাখার সম্পাদক তপনকুমার দাম। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দা চক্রবর্তী।

63 Views