আশিস কুমার ঘোষ, বারাসাত
কম্প্রিহেন্সিভ ব্রেস্ট অঙ্কোলজি পরিষেবার সূচনা হলো নারায়ণা হাসপাতাল, বারাসাতে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই পরিষেবার মূল লক্ষ্য হবে ‘প্রিভেনশন টু কিওর’। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিষেবা উপলব্ধ থাকবে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্য অনুযায়ী, বৃহত্তর কলকাতার শহর ও শহরতলি অঞ্চলে নারীদের মধ্যে নির্ণীত মোট ক্যানসারের প্রায় ১৯.৭ শতাংশই স্তন ক্যানসার। বুধবার কম্প্রিহেন্সিভ ব্রেস্ট অঙ্কোলজি পরিষেবার সূচনা উপলক্ষে কনসালট্যান্ট, ব্রেস্ট অঙ্কোলজি ও অঙ্কোপ্লাস্টিক সার্জারি, ডাঃ প্রগতি সিংহল বলেন, ‘দীর্ঘদিন ধরেই বারাসাত অঞ্চলে ব্রেস্ট অঙ্কোলজি পরিষেবার প্রয়োজন ছিল। কারণ, এই ধরনের ক্যানসারের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবা রোগ নির্ণয় এবং রোগীদের অনুকূল চিকিৎসা-ফল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
তিনি আরও বলেন, এই অঙ্কোলজি পরিষেবা স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নারায়ণা হাসপাতাল, বারাসাতের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য বলেন, ব্রেস্ট অঙ্কোলজি পরিষেবার সূচনার মাধ্যমে নারায়ণা হাসপাতাল, বারাসাত একটি পূর্ণাঙ্গ সার্জিক্যাল অঙ্কোলজি কর্মসূচির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। এই উদ্যোগের মাধ্যমে আমরা ‘অর্গান-স্পেসিফিক ক্যানসার কেয়ার ম্যানেজমেন্ট’-এর লক্ষ্যে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করছি। পাশাপাশি আমরা স্ক্রিনিং ক্যাম্পেরও আয়োজন করব, যেখানে ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের জন্য বিনামূল্যে ম্যামোগ্রাফি পরিষেবা প্রদান করা হবে। এর ফলে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও বৃহত্তর কলকাতার মানুষের কাছে উন্নত অঙ্কোলজি পরিষেবা আরও সহজলভ্য হবে।


