বিক্রম পাল, হাবড়া : ‘বয়স যে শুধুই একটা সংখ্যা’— এই বাক্যটিকে প্রতিদিন বাস্তবে প্রমাণ করে চলেছেন ৬৩ বছর বয়সী অরুণ হালদার। বাড়ি দক্ষিণ হাবড়ায়। শারীরিকভাবে অসুস্থ, ঠিকমতো হাঁটতেও পারেন না; তবুও সংসারের হাল ধরে রাখতে প্রতিদিন সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় গজা বিক্রি করে চলেছেন তিনি।
সংসারে রয়েছেন স্ত্রী এবং দুই ছেলে। ছেলেরা এখনও পুরোপুরি স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি। ফলে এই বয়সে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অরুণ বাবুর। প্রতিদিন সাইকেলের দু’পাশে দুটো ব্যাগ ভর্তি গজা ঝুলিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। ১০০ গ্রাম ১৬ টাকা এবং ১৮ টাকা দামে বিক্রি করেন এই সুস্বাদু খাবার।

শারীরিক সীমাবদ্ধতার কারণে বেশি দূর যেতে পারেন না তিনি। তাই মূলত দক্ষিণ হাবড়া এবং প্রফুল্লনগর এলাকাতেই সীমাবদ্ধ থাকে তাঁর প্রতিদিনের লড়াই।
আমরা প্রতিনিয়ত বড় বড় দোকান থেকে কত কিছুই তো কেনাকাটা করি। কিন্তু দক্ষিণ হাবড়া বা প্রফুল্লনগর অঞ্চলের মানুষ যদি পথচলতি এই প্রবীণ ও আত্মমর্যাদাশীল মানুষটির কাছ থেকে সামান্য কিছু গজা কেনেন, তবে হয়তো তাঁর এই লড়াই কিছুটা হলেও সহজ হবে এবং সংসারটি হাসিমুখে চলবে। অদম্য ইচ্ছেশক্তি ও সততার এই লড়াই আজ অনেকের কাছেই এক বিরাট অনুপ্রেরণা।

117 Views