ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় পরিবেশবান্ধব সামাজিক বার্তা ‘এক পেড় মা কে নাম’ বা ‘মায়ের নামে একটি গাছ’ আহ্বানে সাড়া দিয়ে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য ও বিশিষ্ট সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। সোমবার আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্যের রাজধানী আগরতলার মোট পাঁচটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল তারা। এদিন শহরের মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণি বিদ্যানিকেতনের প্রাথমিক বিভাগে এই কর্মসূচির শুভ সূচনা হয়। বিদ্যালয়ের কিচেন গার্ডেনে নানা ধরনের সবজি ও ফুলের চারা রোপণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টুলুরানী দেবী, বিশিষ্ট শিক্ষিকাবৃন্দ, ছাত্রীরা এবং সংস্থার প্রতিনিধি পরীক্ষিৎ দে। এরপর বৃক্ষরোপণ অভিযান হয় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে।এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে কিচেন গার্ডেনে বিভিন্ন ধরণের সবজি, ফল এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই পর্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিবানী দেববর্মা, সংস্থার সদস্য স্বপ্না দাসগুপ্তা ও পরীক্ষিৎ দে। এদিন দুপুরে কর্মসূচির মূল ও কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজিত হয় ঐতিহ্যবাহী বাণিবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন তিনি। এই সময় তাঁর সঙ্গে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বিশিষ্ট শিক্ষাবিদ মনোজ রায়।

পরবর্তী ধাপে বিকেলের পর্বে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে আবারও বৃক্ষরোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমীর রঞ্জন দাস এবং সংস্থার সদস্য মৌমিতা মজুমদার।
একই ভাবধারায় বিজয়কুমার দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে চারাগাছ রোপণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা, টি.সি.এস. নিরুপমা পাল এবং সংস্থার সদস্য মৃণাল ঘোষ। দিনের সর্বশেষে আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারাও পরম উৎসাহে বৃক্ষরোপণে অংশ নেন। বাণী বিদ্যাপীঠের মূল অনুষ্ঠানে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় বলেন, বর্তমান বিশ্বের অন্যতম বড় সংকট হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই মারাত্মক পরিবেশগত বিপদ থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শুধুমাত্র বিশেষ দিনগুলোতেই নয়, বরং প্রতি পদে পদে আমাদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার কার্যকরী কমিটির সদস্য হিরন্ময় রায়।

49 Views