আশিস কুমার ঘোষ, কলকাতা

পূর্ব বর্ধমান জেলার ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র উদ্যোগে কলকাতার বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে শনিবার বিকেলে প্রকাশিত হয়
‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা। সেই সঙ্গে ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় , রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবি মাসুদ করিম প্রমুখ।

প্রসঙ্গত, পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক, কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনী পেশার সঙ্গে যুক্ত। ঠিক এইরকম পরিস্থিতিতে ‘পল্লিকবি ও আদালত’ স্মরণিকার উপস্থাপনা। কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। কবিতা পাঠে ছিলেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার, দিলীপ কুমার বিশ্বাস, প্রমুখ। এদিন আইনী জনসচেতনতা কর্মসূচি পালনে সু-পরিচিত সংগঠন ‘বর্ধমান সহযোদ্ধা’র তরফে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে ‘পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান’ জানানো হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল, সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার জানান, পল্লিকবির ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এই স্মরণিকা প্রকাশ করলেন।

197 Views