আশিস কুমার ঘোষ, অশোকনগর

‘আমাদের পিতামাতাই আমাদের প্রথম গুরু’ – এই শাশ্বত সত্য ছাত্রছাত্রীদের স্মরণ করিয়ে দিতে বৃহস্পতিবার গুরুপূর্ণিমার দিনে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুল আয়োজন করল অভিনব গুরু বন্দনা অনুষ্ঠান। এদিন বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্রছাত্রী তাদের পিতা-মাতাকে সামনে বসিয়ে পুজো করে ও গুরুমন্ত্র উচ্চারণ করে প্রদীপ জ্বালিয়ে বরণ করে তাদের হাতে ফল, মিষ্টির থালা তুলে দেয়। পিতা-মাতারাও তাদের সন্তানদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর ও পার্শ্ববর্তী একাধিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে দেবদ্বিজে ভক্তি থাকলে পড়াশুনায় মনোযোগী হতে চরিত্র গঠনে সাহায্য করবে, সেই ভাবনা থেকে পড়াশোনার বাইরেও গত ৬ বছর ধরে এই স্কুল গুরুপূর্ণিমা এভাবেই উদযাপন করে আসছে। জানা গিয়েছে, এই অভিনব আয়োজনে খুশি অভিভাবকরাও।

205 Views