আশিস কুমার ঘোষ, কলকাতা

বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে কলকাতার মনিপাল হসপিটাল ধূমপান ত্যাগ ক্লিনিক এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন ও ভ্যাকসিনেশন ক্লিনিকের শুভ উদ্বোধন করল। শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য যন্ত্রটিকে আরও শক্তিশালী করতে এই দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা যুক্ত হওয়ার ফলে হাসপাতালে সামগ্রিক পালমোনারি কেয়ার প্রোগ্রাম আরও উন্নত ও বিস্তৃত হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রিকেটার ঝুলন গোস্বামী। সঙ্গে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু , ফুটবলার গৌতম সরকার প্রমুখ। এই নতুন ধূমপান ত্যাগ ক্লিনিকে ধূমপান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের জন্য পরিকল্পিত কাউন্সেলিং, আচরণগত সহায়তা এবং ফলোআপের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পালমোনারি রিহ্যাবিলিটেশন ও ভ্যাকসিনেশন ক্লিনিকে শারীরিক অবস্থা অনুযায়ী বিশেষ পুনর্বাসন, পরিকল্পনা, শ্বাসযন্ত্রের থেরাপি এবং বৈজ্ঞানিক পদ্ধতির ভ্যাকসিনেশন সিডিউলের মাধ্যমে দীর্ঘমেয়াদী ভাবে ফুসফুসের যত্ন নেওয়া আরও জোরদার করা হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতিরোধযোগ্য সংক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই পরিষেবাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনিপাল হসপিটাল সময় মতো চিকিৎসা, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগীকেন্দ্রিক সেবার উপর সর্বাধিক গুরুত্ব দেয়। গত ১৯ নভেম্বর বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনিপাল হাসপাতাল কলকাতার বিভিন্ন ইউনিটের পালমোনোলজি বিশেষজ্ঞরা রোগীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সিওপিডির লক্ষণ, পরিবেশগত কারণ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, ধূমপান ত্যাগের গুরুত্ব ও ভ্যাকসিনেশনের গুরুত্ব নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করেন। আলোচনায় অংশ নেন ডা. দেবরাজ জাশ, ডা. সুরঞ্জন মুখার্জী, ডা. অর্ণব বেরা, ডা. মৌমিতা চ্যাটার্জি, ডা আইয়ুব গোয়েল প্রমুখ।

156 Views