আশিস কুমার ঘোষ,কল্যাণগড়

অশোকনগর কল্যাণগড় অঞ্চলের নারী শিক্ষার অগ্রণী পথিকৃৎ কল্যাণগড় বালিকা বিদ্যালয়-এর ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর। এই উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শ্রাবণী রায় ও বিদ্যালয়ের সভাপতি তথা অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত বছর এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ২২ ডিসেম্বর অনুষ্ঠানের প্রথম দিনে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে হাতের লেখা প্রতিযোগিতা হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী এবং ফুড ফেস্টিভ্যাল থাকছে। ২৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়াও থাকছে কিংবদন্তি সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গানের অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও ছাত্রীদের নাটক ‘বেঁচে থাকার রূপকথারা’। ২৪ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে স্মারক পুস্তিকা প্রকাশ, প্রাক্তন ছাত্রীদের সংগীত পরিবেশন, সারেগামাপা জি বাংলার সংগীত শিল্পী আরাত্রিকা সিনহার সংগীত পরিবেশন, প্রাক্তন ও বর্তমান ছাত্রী এবং শিক্ষিকাদের সমবেত নাটক ‘ঈশ্বর আল্লাহ তেরে নাম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। বিদ্যালয়ের সভাপতি প্রবোধ সরকার বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

174 Views