আশিস কুমার ঘোষ, হাবড়া

শুরু হল উত্তর ২৪ পরগনা তথা পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য লোকসংস্কৃতি উৎসব বানীপুর লোক উৎসব। শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। হাবড়া খেলার মাঠ থেকে শুরু হয়ে যশোর রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে আসে এই শোভাযাত্রা। বিশিষ্ট লোকসংগীত শিল্পী গোবিন্দ দাস বৈরাগ্য প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী প্রমুখ। স্বাগত ভাষণে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ২০১১ সালের পর থেকে এই মেলা অন্যরকম মাত্রা পেয়েছে। ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গে একটা উল্লেখযোগ্য লোকসংস্কৃতি উৎসবের মাত্রা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা রাজ্য প্রায় এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, তারা এই ধরনের মেলায় অংশগ্রহণ করে স্বনির্ভর হতে পেরেছে। বানীপুরের এই মেলায় ২০০রও বেশি স্বনির্ভর গোষ্ঠী অংশগ্রহণ করছে এর ফলে অর্থনীতির অনেকটা উন্নয়ন ঘটে।

মেলা কমিটির সভাপতি হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন, হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের পৃষ্ঠপোষকতায় এই মেলা বৃহত্তম মেলায় পরিণত হয়েছে। ৯ দিনব্যাপী এই মেলায় ছয়টি মঞ্চ থেকে প্রতিদিন নানারকম সাংস্কৃতিক, সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি নেওয়া হয়েছে। কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণ করে এবারের মূল মঞ্চ হয়েছে সলিল চৌধুরী মঞ্চ। থাকছে নাটক, যাত্রা, গ্রামীণ লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান, সঙ্গীত, যাদু প্রদর্শন, কৃষি প্রদর্শনী, বিভিন্ন স্কুলের বিজ্ঞান প্রদর্শনী-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা। মেলা কমিটির যুগ্ম সম্পাদক তাপস চ্যাটার্জী জানান, বিগত বছরে প্রায় ছয় লাখ লোক এই মেলায় এসেছিলেন। এবার মেলার পরিসর আরও বড় করা হয়েছে। এবারের মেলায় জনসমাগম আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে তিনি আশা করেন। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের পক্ষ থেকে মেলার সকল দর্শনার্থীদের নিরাপত্তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার পুলিশ সুপার শ্রীমতী প্রতীক্ষা ঝড়খরিয়া মেলার প্রাক্কালে এক সাংবাদিক সম্মেলনে জানান, এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হাবড়া, অশোকনগর ও গোবরডাঙ্গা এলাকার তিনটি থানার আধিকারিকরা প্রতিনিয়ত কাজ করে যাবেন।

183 Views