সুদিন গোলদার, কলকাতা
সিঙ্গুর, হরিপুর, নন্দীগ্রাম, জঙ্গলমহল-সহ রাজারহাটের জমি হাঙরদের নির্মম অত্যাচারের ঘটনার উল্লেখ ও না-বলা কাহিনী নিয়ে দু-মলাটে আত্মপ্রকাশ করলো ‘শিরোনামের আড়ালে’ শীর্ষক গ্রন্থ। তদন্তমূলক সাংবাদিকতায় রক্তক্ষয়ী সেইসকল প্রকৃত ঘটনার বিবরণী যার বলিষ্ঠ কলমে দৈনিক সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা প্রতিদিন কাঁপিয়ে তুলেছিল, সেই খ্যাতিমান সাংবাদিক সুকুমার মিত্রের লেখা এই গ্রন্থ সাড়ম্বরে প্রকাশিত হলো কলকাতার সাদার্ণ এভিনিউর নবনালন্দা হাইস্কুল অডিটোরিয়ামে। ১৪ মার্চ শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশিত হয় এই গ্রন্থ। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এই গ্রন্থ প্রকাশের পর স্বাগত ভাষণ দেন গ্রন্থের লেখক সাংবাদিক সুকুমার মিত্র। এরপর সেই রক্তঝরা লোমহর্ষক ঘটনার বিবরণী-সহ সুকুমার মিত্রের জীবন পণ রেখে সাংবাদিকতা করার নানা দিক নিয়ে আলোকপাত করেন ‘শিরোনামের আড়ালে’ গ্রন্থের প্রকাশক গৌতম দাস, অধ্যাপক নবীনানন্দ সেন, ডা. দেবপ্রিয় মল্লিক, অরূপশংকর মৈত্র, ড. কল্যাণ রুদ্র, সাংবাদিক কৃশানু মজুমদার প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন ঈশান পুরকায়েত।

