আশিস কুমার ঘোষ, হাবড়া
‘স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে হাবড়ার মানুষ। এজন্য হাবড়াবাসীর কাছে কৃতজ্ঞ। এবার বেশি ভোটে জিতব।’ বুধবার সন্ধ্যায় একথা বলেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন নির্বিঘ্নে সুসম্পন্ন হওয়ার পর বুধবার সন্ধ্যায় হাবড়া কেন্দ্রে নিজের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবারের ভোট প্রায় নির্বিঘ্নে সুসম্পন্ন হল। এজন্য তিনি হাবড়াবাসীকে অভিনন্দন জানান। সন্ধ্যা ছটায় ভোট শেষ হওয়ার পর প্রায় ৯৪% ভোট পড়ার খবর পাওয়া যায়। এদিন জ্যোতিপ্রিয় বলেন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী প্রথম থেকেই বিজেপির পক্ষে কাজ করেছে। আমাদের প্রায় ১৮ জন সক্রিয় কর্মীকে ভোটের আগে গ্রেফতার করার পরিকল্পনা করেছিল কমিশন। তৃণমূল কংগ্রেসকে দূর্বল করাই ছিল এর উদ্দেশ্য। আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা ওই ১৮ জন কর্মীর আগাম জামিনের ব্যবস্থা করতে পেরেছিলাম। আজ সারাদিন আমাদের এলাকার বেশ কয়েকটা বুথে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার, ভোটারদের হেনস্থা করা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলীকে হেনস্থা করা, দিনভর এমন কাজ করে গেছে সিআরপিএফ জওয়ানরা। এতকিছু প্রতিকূলতা সত্বেও হাবড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এজন্য আমরা হাবড়াবাসীর কাছে কৃতজ্ঞ। এদিন সাংবাদিক সম্মেলনে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে উপস্থিত ছিলেন হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপপুরপ্রধান শিতাংশু দাস, হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ দাস প্রমুখ।


