ওয়েব ডেস্ক : পুলিশের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার প্রার্থনা করল বিজেপি কর্মী মিঠুন সাহা ও তাঁর স্ত্রী সুস্মিতা সাহা। অশোকনগর কেশবপল্লীর বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী বিজেপি কর্মী নিঠুন সাহার অপরাধ তিনি গাড়ি দাঁড় করিয়ে পুলিশের টাকা নেওয়ার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। এমন ঘটনা ঘটেছে ২০২৫ এর ৩০ মার্চ। এর জেরে পুলিশ তার বাড়ির সামনে থেকে একটি বুলেট টুহুইলার-সহ তাকে আটক করে এবং থানায় যায়। সেখানে অশোকনগর থানার তৎকালীন ওসি চিন্তামনি নস্করের নেতৃত্বে একাধিক পুলিশকর্মী বেধড়ক মারধর করে তাকে এবং তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা দায়ের করে। সেই মামলায় কিছুদিন হাজতবাসও হয় তার। পরে জামিনে মুক্ত হন তিনি। আর এরপর পুলিশের এই অন্যায়ের বিরুদ্ধে সরব হয় তাঁর পরিবারের লোকজন। তাঁর প্রতি যে অন্যায় করেছে পুলিশ তার বিরুদ্ধে জেলা পুলিশ সুপার-সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। যদিও কোনও সাড়া পাওয়া যায়নি। উলটে স্থানীয় তৃণমূল যুবনেতাদের তরফ থেকে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি আসা শুরু হয়। মিঠুনের স্ত্রী সুস্মিতার অভিযোগ, নির্বাচনের ক’দিন আগেও রাত ১১টা সময় বাড়িতে এসে হুমকি দিয়েছে তৃণমূল নেতা প্রদীপ সিং। ওসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে করা অভিযোগ তুলে নেওয়ার জন্য অকথ্য ভাষায় হুমকি দিয়েছে।

রাজ্যে পালাবদলের পর সুবিচারের আশায় দিন গুনছেন মিঠুন ও সুস্মিতা। মিথ্যা ডাকাতি মামলায় তাঁর স্বামী-সহ তাদের যে সম্মানহানি হয়েছে, যে হয়রানির শিকার তারা সপরিবারে হয়েছেন, তার বিরুদ্ধে উপযোগী পদক্ষেপ করার জন্য এবং দোষী পুলিশ আধিকারিক ও পুলিশিকর্মীদের শাস্তির দাবিতে ঘটনার বিস্তারিত বিবরণ এবং বেশকিছু তথ্য উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুস্মিতা সাহা। তার আগে গত ১৮ মে জেলার পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ করেছেন। প্রাক্তন ওসি চিন্তামনি নস্কর-সহ একাধিক পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন। আর এবার ওসি চিন্তামনি নস্কর-সহ অন্যান্যদের বিরুদ্ধে অশোকনগর থানায় এফআইআর দায়ের করবেন বলে জানালেন তিনি। মঙ্গলবার দুপুরে মাতৃসদনের কাছে নিজেদের বিরিয়ানি দোকানের সামনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান সুস্মিতা সাহা। তাদের প্রতি যে অন্যায় হয়েছে তা তুলে ধরে সুবিচারের দাবিতে সরব হন। এদিন সুস্মিতা জানান, তাঁর স্বামীর সঙ্গে তাদের যে বুলেট টুহুইলারটি পুলিশ নিয়ে গিয়েছিল তা এখনও পাওয়া যায়নি৷ এদিন মিঠুন ও সুস্মিতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানিয়ে বলেন, মিথ্যা ডাকাতি মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদের সুবিচার দেওয়া হোক। তৃণমূলের দলদাস ওই ওসি চিন্তামনি নস্কর-সহ অন্যান্য পুলিশকর্মীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত হোক এবং তাদের উপযুক্ত শাস্তি হোক।

96 Views