অমর চক্রবর্তী, গুমা
সারা দেশের পাশাপাশি আজ রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে পালিত হলো দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তেও উৎসাহের সঙ্গে পালিত হয় এই বিশেষ দিন। উত্তর ২৪ পরগনার গুমা ইউনাইটেড ক্লাবের মাঠেও আয়োজিত হয় এক মনোগ্রাহী যোগ দিবসের অনুষ্ঠান। গুমা যুব মোর্চার উদ্যোগে দীর্ঘক্ষণ ধরে চলে যোগ প্রশিক্ষণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন অশোকনগরের বিধায়ক ডা. সুময় হীরা। এদিনের অভিনব আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ। সাইকেল র্যালি শুরুর আগে সাইকেলের ওপর বিভিন্ন যোগব্যায়াম প্রদর্শন করে তারা। যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরে গুমা থেকে রাজিবপুর পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। রাজিবপুরে পৌঁছে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ডা. সুময় হীরা বলেন, একজন চিকিৎসক হিসেবেও তিনি সকলকে নিয়মিত যোগব্যায়াম করার পরামর্শ দেন। তাঁর কথায়, নিয়মিত যোগাভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক ক্ষেত্রেই ওষুধের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। ফলে স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এভাবেই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো উত্তর ২৪ পরগনার গুমায়। এদিন এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম অশোকনগর মন্ডল-১ যুব মোর্চার সভাপতি প্রদ্যুৎ রায় জানান, যুব মোর্চার মন্ডল কমিটির সদস্য উত্তম, জনি, সুকু, সুব্রত, শিশির, শুভাশিস, সন্দীপ, প্রভাস, সমরেশ ম-সহ সকল সদস্যরা কঠিন পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন।
সমগ্র যোগ শিবির পরিচালনা করেন প্রখ্যাত যোগ প্রশিক্ষক দেবাশিস মিস্ত্রি।

