আশিস কুমার ঘোষ, কলকাতা

আগামী ৩০ জুন জেডএসআই দিবস উদযাপন মাধ্যমে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১১তম প্রতিষ্ঠা দিবসে ‘এ্যানিমেল ট্যাক্সোনমি সামিট ২০২৬’-এর উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে এই সংস্থা কাজ করে। ভারতের প্রাণীকুল অনুসন্ধান ও গবেষণার প্রধান প্রতিষ্ঠান হিসেবে জেডএসআই ট্যাক্সোনমিক জ্ঞানকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ভারতের সমৃদ্ধ জীববৈচিত্র্য বুঝতে এবং বিশ্বব্যাপী বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখছে। ১১১ বছর পূর্তিতে জেডএসআই জীববৈচিত্র সংরক্ষণে প্রাচীনকাল থেকে প্রচলিত প্রথাগত জ্ঞানের প্রযুক্তিগত প্রতিযোগিতা হ্যকাথন-এর আয়োজন করেছিল এবং এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন ২০২৬।

এই হ্যাকাথন প্রতিযোগিতা একযোগে এর ১৬টি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। পরিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত জরুরি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আদিবাসীদের পরিবেশগত প্রজ্ঞা এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে ব্যবধান দূর করতে এই ইভেন্টটি সমাজের বিভিন্ন অংশের মানুষ যথা শিক্ষার্থী গবেষক এবং উদ্ভাবকদের একত্রিত করেছে। এতে মোট ৩৬০টি দল অংশগ্রহণের জন্য নথিভুক্ত হয়েছিল। এর মধ্যে জেডএসআই-এর আঞ্চলিক কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত আঞ্চলিক স্তরের প্রাথমিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৯২টি দলকে বাছাই করা হয়। জেডএসআই-এর ১৬টি আঞ্চলিক কেন্দ্রের প্রতিটিতে প্রথম স্থান অধিকারী দলগুলোকে জাতীয় স্তরে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত করা হয়েছিল। এটি উত্তর ভারতের আঞ্চলিক কেন্দ্র দেরাদুনে অনুষ্ঠিত হয়। এই ইভেন্ট থেকে শীর্ষস্থান অধিকার করা সেরা পাঁচটি দল কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে ২৯ জুন নির্ধারিত গ্র্যান্ড ফিনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৩০ জুন অর্থাৎ জেডএসআই দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী জেডএসআই ও বিএসআই-এর যুগান্তকারী প্রকাশনা এনিমেল ডিসকভারি ২০২৫ এবং প্লান্ট ডিসকভারি ২০২৫ প্রকাশ করবেন। যার মধ্যে বিশ্বব্যাপী এবং ভারতীয় জীববৈচিত্র্য ডেটাবেসের যুক্ত হওয়া নতুন প্রজাতি ও নতুন রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতার ডিরেক্টর ডক্টর ধৃতি ব্যানার্জি।

93 Views