ওয়েব ডেস্ক : ককরোচ জনতা পার্টি (সিজেপি) দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়ার একদিন পর, শুক্রবার দেশের বিভিন্ন রাজ্যে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ল। বিক্ষোভকারীরা ২০ জুলাই দিল্লিতে পুলিশের দমনপীড়নের তীব্র নিন্দা করেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন। এরমধ্যেই কংগ্রেস তার রাজ্য শাখাগুলিকে শনিবার সন্ধ্যায় প্রতিটি জেলায় ‘নিট এবং সিবিএসই পরীক্ষার অনিয়ম এবং মোদি সরকারের দমনমূলক পদক্ষেপের’ প্রতিবাদে মোমবাতি মিছিল এবং ‘সত্যাগ্রহ’ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছে। এদিন মহারাষ্ট্রের মুম্বাইয়ের দাদারে শিবসেনা (ইউবিটি)-র ব্যানারে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। দলের নেতা আদিত্য ঠাকরে জানান যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে মহারাষ্ট্রে ফিরে না আসার জন্য অনুরোধ করেছেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সেনা (ইউবিটি)-র আয়োজিত ‘তিরঙ্গা মোর্চা’র অংশ হিসেবে, হাতে তেরঙ্গা ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী ও আন্দোলনকর্মী দাদার এলাকার ঐতিহাসিক শিবাজি পার্ক মাঠে সমবেত হন। পুনেতেও ছাত্রছাত্রী-সহ বিক্ষোভকারীরা প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রধানের পদত্যাগের দাবিতে এবং বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে একটি মিছিল বের করেন।

মে মাসে আত্মঘাতী এক নিট (NEET) পরীক্ষার্থীর মা
এদিন নাগপুরে একটি প্রতিবাদ সমাবেশে ভাষণ দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানের পদত্যাগ দাবি করেন। কলকাতায়, একটি প্রতিবাদ চলাকালে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য এবং পুলিশ কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিক্ষোভ সহিংস রূপ নেয়, যার ফলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে হয় বলে একজন পুলিশ আধিকারিক জানান। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কর্ণাটকের বিভিন্ন অংশে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ দেখা গেছে। পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে, প্রতিদ্বন্দ্বী দলগুলোকে সংঘর্ষ থেকে বিরত রেখেছে এবং একাধিক স্থানে নিরাপত্তা জোরদার করেছে। বিক্ষোভকারীদের উপর দিল্লি পুলিশের দমনপীড়নের বিরুদ্ধে এবং প্রধানের পদত্যাগের দাবিতে এদিন চণ্ডীগড় ও কাইথালে আয়োজিত বিক্ষোভে যুবকদের সাথে কৃষক আন্দোলনকর্মীরাও যোগ দিয়েছেন। দক্ষিণে, বামপন্থী ছাত্রদের ডাকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্ধ’ পালিত হয়। বিআরএসও প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায়। কেরালায়, যুব কংগ্রেস কর্মীরা নিট এবং জাতীয় স্তরের অন্যান্য বিভিন্ন পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিজেপি এবং দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে কোল্লামে একটি প্রতিবাদ মিছিল করে। তামিলনাড়ুতে, নিটের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ছিল, যেখানে শত শত ছাত্রছাত্রী জাতীয় স্তরের এই স্ক্রিনিং পরীক্ষা বাতিল এবং প্রধানের পদত্যাগের দাবিতে অংশ নিয়েছে।

ছবি : অভিজিৎ দাস, কলকাতা

41 Views