ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভে স্তব্ধ হয়ে যায় উত্তর ২৪ পরগনার যশোর রোড। বৃহস্পতিবার মধ্যমগ্রাম চৌমাথায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভ ঘিরে কার্যত স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা। যার প্রভাব পড়ে জাতীয় সড়ক যশোর রোডেও। প্রথমে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সোদপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তারা। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চলে অবরোধ। এর জেরে রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক যানবাহন। তৈরি হয় যানজট। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং অবশেষে অবরোধ তুলে দেওয়া হয়। এর পর বিক্ষোভকারীরা মধ্যমগ্রাম পুরসভার চারতলায় গিয়ে পুরসভার এগজিকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করে জবাব চান। পুরসভার অন্দরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। দফায় দফায় বিক্ষোভকে কেন্দ্র করে পুরসভা চত্বরেও উত্তেজনা ছড়ায়।

অন্নপূর্ণা প্রকল্প থেকে বঞ্চিত উপভোক্তাদের বিক্ষোভে এদিন উত্তপ্ত হয়ে ওঠে এই জেলার অশোকনগর-কল্যাণগড় পুরসভাও। পরে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের বাড়িতে গিয়ে ‘ভেরিফিকেশন’ করা হয়েছিল এবং অনেকের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটেও ‘অ্যাপ্রুভড’ (অনুমোদিত) দেখানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকারি ওয়েবসাইটে কারও কারও ক্ষেত্রে তিনটি বাড়ি রয়েছে বলে দেখানো হচ্ছে। ফলে প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও তাঁদের টাকা মেলেনি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অশোকনগর এলাকায় অন্নপূর্ণা যোজনার প্রায় ২৫ হাজার উপভোক্তা রয়েছেন। তাঁদের মধ্যে কিছু মহিলা টাকা পেলেও এখনও অনেকেই পাননি। মধ্যমগ্রাম, অশোকনগরের পাশাপাশি জেলার বনগাঁতেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার একই ইস্যু নিয়ে বিরাটিতেও পথে নেমে বিক্ষোভে সামিল হন মহিলারা।

77 Views