অভিজিৎ সান্যাল : ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১৩৮তম জন্মদিবসে, শিক্ষক দিবসে শনিবার সকালে মহান শিক্ষক ও পথপ্রদর্শক কমল রায় (ভানু স্যার)-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল রক্তরবি নার্সারি এন্ড কেজি স্কুল। এদিন রক্তরবি সব পেয়েছির আসরের অন্যতম প্রতিষ্ঠাতা, রক্তরবি নার্সারি এন্ড কেজি স্কুলের প্রাণপুরুষ, মানুষ গড়ার কারিগর, আলোকবর্তিকার প্রতীক কমল রায় (ভানু স্যার)-এর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করল এই স্কুলের বর্তমান পরিচালন কমিটি তথা শিক্ষকমন্ডলী৷ উল্লেখ্য, প্রয়াত ভানু স্যারের এই আবক্ষ মূর্তিটি সৃষ্টি করেছেন সুপরিচিত ভাস্কর সুবীর সরকার।

এদিন অনুষ্ঠানের সূচনায় ভানু স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সুবীর সরকার। তাঁর স্মৃতিচারণা ছিল শ্রুতিমধুর এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের পক্ষে উপযোগী ভাষায় আলোচনা করেন তিনি। এরপর রক্তরবি নার্সারি এন্ড কেজি স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা প্রসারে ভানু স্যার ও তাঁর সহযোগীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন স্কুল পরিচালন কমিটির বর্তমান সভাপতি অপূর্ব গাঙ্গুলি। তাঁর বক্তব্যে সত্যব্রত গুহ, স্কুলের প্রথম প্রধান শিক্ষিকা দীপালী মিত্র প্রমুখের ভূমিকা উঠে এসেছে। এছাড়াও অশোকনগরে শিক্ষা প্রসারের ক্ষেত্রে বাণীপীঠ গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা নিশিকান্ত সেনের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি। ভানু স্যারের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ছাড়াও শিক্ষক দিবস উদযাপনের অন্যতম অঙ্গ ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

93 Views