সুকুমার মিত্র
চলে গেলেন বিশিষ্ট বিজ্ঞান লেখক ও দেহদান চক্ষুদান আন্দোলনের উত্তর ২৪ পরগনা জেলায় অন্যতম পথিকৃৎ বিজ্ঞান চেতনা ফোরামের সম্পাদক সুরেশ কুন্ডু। সোমবার অধিক রাতে তিনি প্রয়াত হন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী মরদেহ চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আজ দান করা হবে। তার মৃত্যুতে বিজ্ঞান আন্দোলনের কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিগত জীবনে সুরেশদার সঙ্গে আমার ও তো তহমীনার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। তহমীনার জীবন সংগ্রাম নিয়ে অনেক লেখালেখি হলেও প্রথম গ্রন্থ ‘রণক্ষেত্রে তহমীনা একা’ গ্রন্থটি সুরেশদা লিখেছিলেন। তহমীনার মৃত্যুর পর গ্রন্থটির পরিমার্জিত পরিবর্তিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। আমি সবে দু সপ্তাহ পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতাল থেকে ফিরেছি। খবরটি পেলাম সাথী অপূর্ব সাহার মাধ্যমে। অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ মানুষ ছিলেন। মৃত্যুর সময় পরিবারে রেখে গেলেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও জামাতা পুত্রবধূ নাতি-নাতনিদের। তাঁর মৃত্যুতে এই দুঃসময়ে না ধার্মিক আন্দোলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল। আমরা হারালাম এক নিষ্ঠাবান সাথীকে যা এক অপূরণীয় ক্ষতি। স্যালুট অকুতোভয় সুরেশদাকে। অনেক কথাই মনে পড়ে। এই পরিস্থিতিতে কি আর লিখব। আমার অনুরোধ, সমব্যথী যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা অবশ্যই সুরেশদার অন্তিমযাত্রায় অংশগ্রহণ করবেন।
ছবি : অপূর্ব সাহা

