ওয়েব ডেস্ক : দিল্লির যন্তর মন্তরের ‘৫৬-ইঞ্চি কা ছোটা বান্দর, ভাগ নরেন্দ্র ভাগ নরেন্দ্র’ স্লোগানটি ভারতের জনপ্রিয় সংস্কৃতিতে অন্যতম তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক খোঁচা হিসেবে উঠে এসেছে, যা নরেন্দ্র মোদির দীর্ঘদিনের স্ব-আরোপিত ‘৫৬-ইঞ্চি বুক’-এর পৌরুষদীপ্ত ভাবমূর্তিকে একটি বিদ্রূপাত্মক রাজনৈতিক মিমে রূপান্তরিত করেছে। দেশজুড়ে স্লোগানটির হঠাৎ ভাইরাল হয়ে যাওয়া জনপ্রিয়তা অবাক করেছে বেশিরভাগ রাজনৈতিক পর্যবেক্ষককেও। কারণ এটি টাইম ম্যাগাজিনের পাতায়ও স্থান করে নিয়েছে।
একসময় মোদির শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত ৫৬ ইঞ্চি এখন উপহাসে পরিণত হয়েছে, যেখানে ‘ছোটা বান্দর’ লাইনের স্লোগানটি তাঁর একসময়ের পুরুষালি অপরাজেয়তার ছবিটাকেই দূরে সরিয়ে দিয়েছে। এই স্লোগানটি বিভিন্ন রূপ নিয়ে, ছাত্রাবাস থেকে ভাইরাল হয়ে রাস্তার বিক্ষোভে ছড়িয়ে পড়েছে, যা সমসাময়িক ভারতে বাস্তব ও ডিজিটাল পরিসরে রাজনৈতিক ব্যঙ্গ কীভাবে বিকশিত হয় তার একটি চিত্র তুলে ধরেছে।
মহারাষ্ট্রের ওয়ার্ধায় অবস্থিত মহাত্মা গান্ধি আন্তররাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের (এমজিএএইচভি) কিছু ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর এই আকর্ষণীয় স্লোগানটির একটি রূপ প্রথম প্রকাশ্যে আসে। ২০২৫ সালের নভেম্বরে এবিভিপির বিকাশ প্যাটেলকে পরাজিত করে অদিতি মিশ্র দিল্লির জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গভীর রাতে তা উদযাপনের কারণে প্রধানত দলিত ও ওবিসি সম্প্রদায়ের দশজন ছাত্রকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করা হয়। যেখানে ছাত্ররা মোদির আদর্শের মূল সংগঠন আরএসএস (‘স্যরি, স্যরি সাভারকর’) এবং মোদিকে (‘আরএসএস কা ছোটা বান্দর, বাল নরেন্দ্র, বাল নরেন্দ্র’) উপহাস করে স্লোগান দিচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতাকে উদ্ধৃত করে বলা হয়, “স্যরি, স্যরি সাভারকর’ ছিল জেলে থাকাকালীন ব্রিটিশদের কাছে লেখা তাঁর ক্ষমা প্রার্থনার চিঠির প্রেক্ষাপটে সেই আদর্শবাদীর প্রতি একটি বিদ্রূপ, আর ‘আরএসএস কা ছোটা বান্দর, বাল নরেন্দ্র, বাল নরেন্দ্র’ ছিল একটি শ্লেষাত্মক মন্তব্য যা ইঙ্গিত করে যে, প্রধানমন্ত্রী মোদি আরএসএস-এর তালে নাচেন।”
তবে এই স্লোগানের উৎস নিহিত রয়েছে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগে মোদির রাজনৈতিক ব্র্যান্ডিং-এর মধ্যে, যখন প্রতীক হয়ে উঠেছিল তাঁর ‘৫৬-ইঞ্চি বুক’ (ছাপ্পান ইঞ্চি কি ছাতি) নিয়ে গর্ব করা পেশিবহুল নেতৃত্ব এবং পুরুষালি শক্তি। সময়ের সঙ্গে সঙ্গে সমালোচকরা এবং ছাত্র সংগঠনগুলো স্লোগান ও পথনাটকে, বিশেষ করে ক্যাম্পাসে এবং প্রতিবাদের প্রেক্ষাপটে, সেই প্রতীকবাদকে নতুনভাবে ব্যবহার করতে শুরু করে। ২০২৬ সালের জুলাই মাসে যন্তর মন্তরে পড়ুয়াদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় স্লোগানটি আবার জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। এখানে ‘৫৬-ইঞ্চি কা ছোটা বান্দর, ভাগ নরেন্দ্র ভাগ নরেন্দ্র’-এর মতো স্লোগান অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। ওয়ার্ধা ক্যাম্পাসের ‘ছোটা বান্দর’ স্লোগানের ছন্দের সাথে ‘৫৬-ইঞ্চি’ থিমটিকে মিলিয়ে একটি জোরালো, সহজে পুনরাবৃত্তিযোগ্য ছড়া তৈরি করা হয়। এই ছড়া জনতার মধ্যে সাড়া ফেলে দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী হয়।
একটি জটিল রাজনৈতিক সমালোচনাকে এমন একটি ছন্দময়, স্মরণীয় এবং সোশ্যাল মিডিয়ায় সহজে প্রচারযোগ্য বাক্যে সংকুচিত করে শক্তিশালী হয়ে ওঠে এই স্লোগান। এটি স্বাভাবিকভাবেই শর্ট-ফর্ম ভিডিও অডিও লুপের সঙ্গে খাপ খায়, যা ছাত্র নির্মাতাদের প্রচলিত গণমাধ্যমের বাইরেও প্রতিবাদের ফুটেজ প্রচার করতে সক্ষম করে। স্লোগানটি আরও কার্যকরী হয় কারণ, এটি মোদির কৃত্রিমভাবে তৈরি শক্তিশালী ব্যক্তিত্বের প্রতীকী মূলে আঘাত হানে। সেই অর্থে, স্লোগানটি আক্ষরিক বর্ণনার চেয়ে একটি প্রচারমূলক স্লোগান হয়ে দাঁড়ায়। মোদি সম্পর্কে প্রতিষ্ঠিত আখ্যানকে উল্টে দেয়। সরাসরি মোদিকে হাস্যকর দুর্বলতার এক চরিত্রে রূপান্তরিত করে।
ওই মুহূর্তটি ছিল জেন জি প্রজন্মের প্রতিবাদী ভাষার এক বৃহত্তর তরঙ্গের অংশ, যা মিম, ছড়া এবং উপহাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং ব্যক্তিগতভাবে মোদিকে লক্ষ্য করে তৈরি হয়েছে। মোদির বিরুদ্ধে এই ধরনের অমার্জিত, অসম্মানজনক ব্যঙ্গের ব্যাপক প্রচলন ভারতের যুবসমাজের মধ্যে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। এই প্রবণতাটি দীর্ঘদিন ধরে অনলাইনে লক্ষ্য করা যাচ্ছে এবং মোদিকে পরোক্ষভাবে উপহাস বা বিদ্রূপ করে এমন যেকোনও পোস্ট/ব্যঙ্গ/মন্তব্য সরিয়ে ফেলার জন্য মোদি সরকারের মরিয়া প্রচেষ্টার ফলে এটি প্রমাণিত হয়েছে। সরকারের জন্য দুর্ভাগ্যবশত, আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে শাসকগোষ্ঠীর সহিংস পদক্ষেপের ভয়ের মোকাবিলায় ক্রমশই অবাধ্যতা এবং আরও মজাদার অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দেখা যাচ্ছে।
সৌজন্যে : দ্য ওয়ার (thewire.in)

