আশিস কুমার ঘোষ, হাবড়া

সিএসএ পরিচালিত ‘হাবড়া ক্রিকেট অ্যাকাডেমি’ রবিবার সন্ধ্যায় প্রফুল্লনগরে তাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পুলিনকৃষ্ণ দাসের ৮০তম জন্মদিন এবং অ্যাকাডেমির বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করল। এক কথায়, এদিন বসেছিল চাঁদের হাট। প্রতি বছর এই দিনে অ্যাকাডেমির প্রাণপুরুষ, প্রয়াত পুলিনকৃষ্ণ দাস-এর জন্মদিন পালন করা হয়। আর সেই উপলক্ষে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। শুধু ক্রিকেট জগতের ব্যক্তিত্বরাই নন, সমাজের বহু বিশিষ্টজনের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তোলে।

এই অ্যাকাডেমি শুধু ক্রিকেট শেখানোর জায়গা নয়, বলা ভালো এটি একটি স্বপ্ন তৈরির কারখানা। সারাবছর এখানে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে খুঁজে বের করে তাদের সঠিক মঞ্চে তুলে আনা। সেই লক্ষ্যেই এদিনের অনুষ্ঠানে নানা টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দল এবং ব্যক্তিগতভাবে প্রতিভাবান ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। এই অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার ও স্বনামধন্য কোচ প্রসেনজিৎ ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অজিত সাহা, ক্রিকেটার শুভঙ্কর ঘোষ এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দে-কে সংবর্ধনা জানানো হয়।
উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ব্যানার্জি, অজিত সাহা, কাউন্সিলর কাঞ্চন ঘোষ, দীপক দে, বিশ্বজিৎ সাহা, সিএসএ-র যুগ্ম সম্পাদক বাবু পোদ্দার এবং এআরইউএ-এর সহ-সভাপতি পীযুস কান্তি রায় প্রমুখ।

এছাড়াও, তারাপদ নন্দী ও ছবি দত্ত জুনিয়র এবং সাব-জুনিয়র ২-ডেস- ক্রিকেট লীগ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এই মঞ্চ থেকে সম্পন্ন হয়। সবশেষে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রিকেট প্রশিক্ষক উদয় শঙ্কর দাস জানান, এই অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে বহু ক্রিকেটার আজ বাংলা দল, ডিস্ট্রিক্ট লেভেল, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনে খেলে নিজেদের প্রতিষ্ঠা করেছে। তিনি আরও বলেন, গ্রাম ও শহরতলির ছেলেমেয়েদের মধ্যেও অসীম প্রতিভা লুকিয়ে আছে, প্রয়োজন শুধু সঠিক পথপ্রদর্শন ও সুযোগের। হাবড়া ক্রিকেট অ্যাকাডেমি সেই কাজটিই নিষ্ঠার সঙ্গে করে চলেছে। উদয় শঙ্কর দাসের স্বপ্ন, এই অ্যাকাডেমি একদিন তুলে আনবে এমন ক্রিকেটারদের যারা ভবিষ্যতে শচীন, রোহিত বা কোহলিদের মতো ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে।

311 Views