ওয়েব ডেস্ক : ‘হিরোশিমা নাগাসাকি আর নয়, আর নয়’ আওয়াজ তুলে পথে নামলেন বিজ্ঞানকর্মীরা।বুধবার ৬ আগস্ট হিরোসিমা দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে এবং বিদ্যাসাগর বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় বারাসাত ষ্টেশন থেকে কলোনি মোড় পর্যন্ত এক পদযাত্রায় সামিল হলেন তারা। এদিন, ‘হিরোশিমা নাগাসাকি আর নয় আর নয়’ স্লোগান তুলে ‘যুদ্ধ বিরোধী, শান্তি ও সংহতি’ পদযাত্রায় অংশগ্রহণ করেন জনবিজ্ঞান আন্দোলনের জেলা নেতৃত্ব-সহ ৬০ জনের বেশি বিজ্ঞানকর্মী। পদযাত্রা শেষে কলোনি মোড়ে আয়োজিত এক পথসভায় যুদ্ধ উন্মাদনা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞান সংস্কৃতিকে হাতিয়ার করে ছাত্র, শিক্ষক-সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে জনবিজ্ঞান আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী, জেলা সম্পাদক দেবাশীষ রায় ও জেলা সহসভাপতি সমর নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। পথসভার শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রাজ্য সহসভাপতি রত্না রায় এবং জেলা কার্যকরী সভাপতি অনিন্দিতা ভৌমিক ও অঞ্জন মজুমদার। সভাপতিত্ব করেন জেলা সহসভাপতি দেবব্রত ঘোষ। উপস্থিত ছিলেন দুই সহসম্পাদক গণজিৎ ভৌমিক ও প্রদ্যুৎ কর্মকার প্রমুখ।

251 Views