ওয়েব ডেস্ক : ভিন্ন ধারায় বাবার মৃত্যবার্ষিকী পালন করলেন সাংবাদিক অমর চক্রবর্তী ও তাঁর পরিবার। সহযোগিতায় সাংবাদিকদের সংগঠন অশোকনগর প্রেস ক্লাব। সোমবার বিকেলে অশোকনগর ৮ নং স্কিম কালিবাড়ি মোড়ের কাছে অশোকনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে এমন মৃত্যুবার্ষিকী প্রত্যক্ষ করলেন বহু মানুষ। এদিন প্রেস ক্লাবে সাংবাদিক অমর চক্রবর্তীর বাবা প্রয়াত সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, অভিনেতা বিমলেন্দু চক্রবর্তীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যৌথ উদ্যোগে নির্মিত একটি তোরণ-এর উদ্বোধন হয়। এই তোরণ উদ্বোধনের আগে বিমলেন্দু চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁর পরিবারে সদস্যরা, আগত অতিথিরা এবং সাংবাদিক বন্ধুরা। প্রেস ক্লাব পরিসরে পুলিনকৃষ্ণ দাস স্মৃতি মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে অমর চক্রবর্তীর স্বাগত ভাষণের পর ফিতে কেটে বিমলেন্দু চক্রবর্তী স্মৃতি তোরণ-এর উদ্বোধন করেন যমুনামতী সংবাদপত্রের সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী ও প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত। সঙ্গে ছিলেন বিমলেন্দু চক্রবর্তীর স্ত্রী পদ্মা চক্রবর্তী, দাদা হরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক অমর চক্রবর্তী অশোকনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমানে যুগ্ম সম্পাদক। এদিন বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘স্মৃতি তোরণ’ উদ্বোধনের পাশাপাশি দুস্থ চারজন আদিবাসী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেন তিনি। তাঁর পরিবারের পক্ষে এই উপহার তুলে দেন বিমলেন্দু চক্রবর্তীর দাদা হরেন্দ্রনাথ চক্রবর্তী, হিমাংশু দাস, সরোজকান্তি চক্রবর্তী ও প্রলয় কুমার দত্ত। কবিতা পাঠ করেন বিমলেন্দু চক্রবর্তীর ছোট ছেলে সমর চক্রবর্তী, প্রেস ক্লাবের অন্যতম সদস্য সুদিন গোলদার, নন্দিনী পাল প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন অঙ্গীকার সাহিত্য পত্রিকার সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিমলেন্দু চক্রবর্তীর দাদা হরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্টা হিমাংশু দাস, অন্যতম সদস্য কার্তিক ইন্দু, আইনজীবী অভিজিৎ চক্রবর্তী, যমুনামতী সংবাদপত্রের সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, প্রয়াত বিমলেন্দু চক্রবর্তী বিডিও অফিসের একজন কর্মী ছিলেন। সেই সঙ্গে সাহিত্যচর্চা, সঙ্গীতচর্চা, নাট্যচর্চা ছিল তাঁর নেশা। যমুনামতী সংবাদপত্রের নিয়মিত লেখক ছিলেন তিনি। এদিন তাঁর সাহিতচর্চার নানা প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন যমুনামতী সংবাদপত্রের সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী। বক্তারা প্রত্যেকেই এভাবে বাবার মৃত্যুবার্ষিকী পালনের ভূয়সী প্রশংসা করেন। সমাপ্তি ভাষণ দেন প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত। সমগ্র অনুষ্ঠানে বিমলেন্দু চক্রবর্তীর দুই ছেলে ছাড়াও উপস্থিত ছিলেন পুত্রবধূরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সুজিত দাস, যুগ্ম সম্পাদক পার্থ মিত্র, অন্যতম সদস্য অমল পালিত, সঞ্জীব সরকার, তন্ময় বণিক, আশিস কুমার ঘোষ, কমল সাহা, শান্তনু চ্যাটার্জি, গৌতম সমাদ্দার, সাহিত্যিক সফিয়ার রহমান প্রমুখ।


