অমর চক্রবর্তী, হাবড়া

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হাবড়া বিধানসভা কেন্দ্র এখন রাজ্য রাজনীতির এপিসেন্টার। একদিকে রেশন দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে জেলবন্দি দশা কাটিয়ে আসা তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু), অন্যদিকে বিজেপির তীক্ষ্ণ আক্রমণ। এই কঠিন আবহে হাবড়ার বাণীপুরে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় তাঁর কণ্ঠে উঠে এলো ‘পুরনো দিনের বিশ্বস্ত সঙ্গী’ বালুর নাম। মঙ্গলবার বাণীপুরে ড. বি আর আম্বেদকর ময়দানের জনসভা থেকে অত্যন্ত কৌশলী ভঙ্গিতে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি স্পষ্ট জানান, বালু তাঁর পুরনো দিনের বিশ্বস্ত সঙ্গী এবং প্রিয় প্রার্থী। বিরোধী শিবির যখন ‘চোর চোর’ স্লোগান তুলে মাঠ গরম করছে, তখন নেত্রী পালটা আক্রমণ শানিয়ে বলেন, ‘বালুর নামে যে বদনাম দেওয়া হচ্ছে, তা আসলে রাজনৈতিক প্রতিহিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য শংসাপত্র হাবড়ার নিচুতলার তৃণমূল কর্মীদের মনোবল এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণকে ভোঁতা করতে বাম আমলের ‘ভুয়ো রেশন কার্ড’ প্রসঙ্গ টেনে আনেন। তাঁর দাবি, সিপিএম জমানার প্রায় দেড় কোটি জাল রেশন কার্ড বালু বাতিল করেছিলেন বলেই আজ তাঁকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। নেত্রীর এই ‘ডিজিটাল রেশন কার্ড’ কার্ডটি ভোটারদের মনে নতুন করে ভাবনার উদ্রেক করতে পারে, যা কার্যত বালুর জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল যখন দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসার চেষ্টা করছেন, ঠিক তখনই হাবড়া ও অশোকনগর (নারায়ণ গোস্বামী) দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়ে একমঞ্চে মমতার উপস্থিতি জেলার তৃণমূল শিবিরের সংহতি প্রকাশ করেছে বলেও দাবি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার পর হাবড়ার লড়াই এখন আর কেবল উন্নয়ন বনাম দুর্নীতির লড়াই নেই, বরং এটি ‘রাজনৈতিক অস্তিত্ব’ রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। নেত্রীর আবেগঘন বার্তা এবং সরাসরি সমর্থন কি জ্যোতিপ্রিয় মল্লিকের ইমেজের ড্যামেজ কন্ট্রোল করতে পারবে? নাকি বিজেপি তাদের আক্রমণ আরও তীব্র করে সাফল্য পাবে? উত্তর মিলবে ভোটের বাক্সে। তবে এদিনের সভার পর যে হাবড়ার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো, তা নিশ্চিত।

ছবি : তীর্থ মজুমদার

129 Views