শান্তনু চ্যাটার্জি, বারাসাত

‘বিজেপি পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি।’ শুক্রবার বিকেলে বারাসাতে কাছারি ময়দানে এক নির্বাচনী জনসভায় এভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বিধানসভা কেন্দ্র দেগঙ্গা, বারাসাত ও মধ্যমগ্রাম-এর দলীয় তিন প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এদিন তিনি বলেন, ‘আমাদের সাথে একমাত্র মানুষ আছে। আর ওদের সাথে সব এজেন্সি, সব শয়তানগুলো একসাথে জুটেছে। যারা মানুষের নাম কাটে, ভোট কাটে, হাঙ্গামা করে, গুন্ডামি করে, বাংলা বললে অত্যাচার করে, সেই শয়তানগুলো একজায়গায় জুটেছে। আর হয়ে গেছে হ্যাংলা – দখল করতে হবে বাংলা। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনও কিছুতে দেখা নেই, ভোটের সময় উড়ে আসে, আর বসন্তের কোকিলের মতো ডাকে – সুনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে মারবে। বিহারে মারবে বিজেপি রাজ্যে আসামে মারবে, উত্তর প্রদেশে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে, আর দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপি পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি।’

এদিন জনসভায় মমতা আরও বলেন, ‘….দেশের সব ম্যানেজ করে নিয়েছে। চৈত্র মাসের সেল চলছে। কনশেসন। কিছু পাবার কনশেসন। আর কিছু মানুষের নাম করেছে ডিলিসন। ২৫০ মানুষ মারা গেছে। লজ্জ্বা করে না? আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমি এখনও ক্রস চেক করার টাইম পাইনি। বলেছি পার্টির থেকে চেক করতে। ৬০ লাখ হিন্দুর নাম বাদ গেছে, আর ৩০ লাখ মুসলিম ভাইবোনদের নাম বাদ গেছে। যান দেখে আসুন আপনার জেলায় বাগদা, বসিরহাট, যান দেখে আসুন দেগঙ্গা, যান দেখে আসুন হাবড়া, যান দেখে আসুন গাইঘাটা, যান দেখে আসুন বাগদা – ঢেলে নাম বাদ। অনুপ্রবেশকারী সব তাই না! তোমরা একমাত্র ভারতীয়, আর বাংলায় কথা বলি বলে আমরা বাংলার মানুষ, আমরা দেশের নাগরিক নই। তোমাদের কাছে আমাকে সকাল সন্ধ্যা লাইন দিয়ে প্রমাণ করতে হবে আমার বাংলার নাগরিকত্ব আছে কিনা? আধার কার্ডের সময় লাইন দেওয়ালে, এসআইআর-এর সময় লাইন দেওয়ালে, কত মানুষ মারা গেল, সুপ্রিম কোর্ট বলল, যাদের অ্যাডজুডিকেশনে নাম বাদ গেছে ট্রিবুনালে নাম তুলতে পারবেন, কই তারপরেই তো ভোটার লিস্টটা ফ্রোজেন হয়ে গেল, বিচারটা মানুষ পাবে কোথায়? পরে যদি কারও নাম ওঠেও তারা ভোট দিতে পারবে তো? এই কোয়েশ্চনটা যেমন আপনার মনে আছে, আমার মনেও আছে। বিজেপির কায়দা, মানুষ মারার ফায়দা….. এই এস আই আর কেন ভোটের দুমাস আগে? তোমাদের সরকার দিল্লিতে, ২০২৪ সালে ভোটার লিস্টে তোমরা জিতেছ, তাহলে প্রধানমন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত, নতুন করে ভোট চাওয়া উচিত। একই লিস্টে তোমার বেলায় অধিকার আর আমার বেলায় বহিষ্কার, এটা তো চলতে পারে না, এই ডিস্ক্রিমেশন কেন? আবার চমকাচ্ছে ধমকাচ্ছে।’ তৃণমূল কংগ্রেস লড়াই করছে বলে দাবি করেন মমতা। এদিন তথ্য-সহ রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, এক ইঞ্চি জমিও ছাড়বেন না। ভোট রক্ষায় লড়াইয়ের বার্তা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানান।

77 Views