আশিস কুমার ঘোষ, কল্যাণগড়
এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ অশোকনগর কল্যাণগড় এলাকার ৮টি বিদ্যালয়ের প্রায় ৩০ জন কৃতী ছাত্রছাত্রীকে কল্যাণগড় বাজার নাটমন্দিরে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো। আয়োজক কল্যাণগড় বাজার রাধামাধব মন্দির কমিটি এবং কল্যাণগড় বাজার ব্যবসায়ী সমিতি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাসুদেব চন্দ, সমিতির সভাপতি নন্দদুলাল দত্ত বণিক, প্রাক্তন সভাপতি হিমাংশু দাস প্রমুখ। সমিতির যুগ্ম সম্পাদক শিবুরাম দত্তবণিক জানান, এই সমিতির সদস্য ব্যবসায়ীরা ব্যবসার পাশাপাশি সারাবছর নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। যেমন স্বেচ্ছা রক্তদান, দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, নরনারায়ণ সেবা ইত্যাদি। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মনু বণিক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নন্দিনী পাল।


