অমর চক্রবর্তী, কল্যাণগড়
রক্তদান শিবিরের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালিত হলো অশোকনগরের কল্যাণগড় বাজারে। এই উপলক্ষে ২৩ জুন মঙ্গলবার কল্যাণগড় বাজার নাটমন্দিরে একটি রক্তদান শিবিরের আয়োজন করে ভারত কেশরী শ্যামাপ্রসাদ স্মৃতি রক্ষা কমিটি। এই রক্তদান শিবিরে ৭০ জনের বেশি পুরুষ এবং মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ স্মৃতি রক্ষা কমিটির তরফে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বাসুদেব চন্দ্, শ্যামলেন্দু দে,আনু গোস্বামী, শ্যামল চক্রবর্তী, কমল বিশ্বাস,পাঁচু গোপাল হাজরা, ইন্দ্রজিৎ ঘোষ-সহ একাধিক শ্যামাপ্রসাদ অনুগামী। এদিন বেশ কয়েকজন রক্তদাতা ও উদ্যোক্তা জানান, এই মহান মানুষটির ইতিহাস সকলের ভালো করে জানা প্রয়োজন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শ্যামাপ্রসাদের জন্মদিনকে রাজ্যে ছুটি ঘোষণা করেছে বিজেপি শাসিত সরকার। এছাড়াও শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন অনুষ্ঠান,আয়োজন এমনকি মূর্তি বসানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই শিবিরে বিজেপি নেতা শ্যামলেন্দু দে শ্যামাপ্রসাদের বঙ্গ গঠনে যে বিরাট ভূমিকা ছিল তা আলোচনা করেন। পাশাপাশি শ্যামাপ্রসাদের ভাবধারাকে ছড়িয়ে দিতে আগামী দিনে আরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা হবে বলে শ্যামাপ্রসাদ স্মৃতি মঞ্চের তরফে জানান তিনি।
সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এদিন গুরুত্বের সঙ্গেই পালিত হয় অশোকনগরের কল্যাণগড় বাজারে।

