আশিস কুমার ঘোষ, হাওড়া

হাওড়া লায়ন্স হাসপাতাল চারুশীলা মন্মথনাথ দে মেমোরিয়াল ইউনিট, জাদুবেড়িয়ায় শনিবার অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটার-এর সূচনা করল। এদিন অপারেশন থিয়েটার চালু করে স্বাস্থ্য পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করল এই হাসপাতাল। ২০০৫ সালে একটি চক্ষু হাসপাতাল হিসেবে মানুষের সেবার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু ছিল। এরপর ধাপে ধাপে ব্লাড সেন্টার, থ্যালাসেমিয়া ইউনিট এবং ডায়ালিসিস ইউনিট চালু করা হয়। এবার আধুনিক মডুলার অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উন্নতমানের অস্ত্রোপচার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালটি নতুন অধ্যায়ের সূচনা করল। এই প্রকল্প বাস্তবায়নে লায়ন হীরা লাল বাগড়া ও লায়ন বিজয় জৈন-এর গুরুত্বপূর্ণ সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিন অপারেশন থিয়েটার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সভাপতি লায়ন এ.পি. সিং। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে হাসপাতালের দীর্ঘ পথচলার কথা স্মরণ করেন এবং সমাজের সেবায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক লায়ন্স সদস্য, বিশিষ্ট অতিথি এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন লায়ন পবন পরসরামপুরিয়া, লায়ন বিনীত জৈন, লায়ন সুদর্শন মেহতা এবং লায়ন প্রমিল রুংটা প্রমুখ। অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটারের উদ্বোধনের মাধ্যমে হাওড়া লায়ন্স হাসপাতাল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

18 Views