ওয়েব ডেস্ক : ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রাক্তন সম্পাদক আর. রাজাগোপালের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং এরপর কর্তৃপক্ষের দ্বারা তাঁর পাসপোর্ট নবায়ন না করার ঘটনার নিন্দা জানিয়েছে ‘এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া’ (ইজিআই)। রবিবার এক বিবৃতিতে ইজিআই দাবি করেছে যে, ভোটার হিসেবে রাজাগোপালের পরিচয় অবিলম্বে পুনর্বহাল করা হোক। ইজিআই-এর সভাপতি সঞ্জয় কাপুর, সাধারণ সম্পাদক রাঘবন শ্রীনিবাসন এবং কোষাধ্যক্ষ তেরেসা রেহমানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতার অন্যতম প্রধান দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রাক্তন সম্পাদক আর. রাজাগোপালের সঙ্গে আমলাতন্ত্র যে আচরণ করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।’ কারা ভারতীয় নাগরিক আর কারা নন—সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই আমলাতন্ত্রেরই হাতে থাকে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাংবাদিক ও সম্পাদক হিসেবে জনপরিসরে দীর্ঘ কয়েক দশকের কাজের পরেও, আজ রাজাগোপাল কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে ভোটাধিকার থেকেই বঞ্চিত হননি, বরং ১০০ দিনেরও বেশি সময় ধরে পাসপোর্ট নবায়ন করতেও ব্যর্থ হয়েছেন। অভিযোগ, কলকাতা পুলিশের একটি ‘প্রতিকূল প্রতিবেদন’-এর কারণেই এমনটা ঘটেছ। অথচ শহরের অন্যতম প্রধান একটি দৈনিকের সম্পাদক হিসেবে রাজাগোপালের সঙ্গে পুলিশের ভালোভাবেই পরিচিত থাকার কথা। ইজিআই (EGI)-এর বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতেই সম্ভবত পুলিশি যাচাইকরণ বা ভেরিফিকেশনের বিষয়টি নাকচ করা হয়েছে।
ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা সংশোধনের জন্য পরিচালিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়ার কারণে লাখ লাখ ভারতীয় যে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, তাই রাজাগোপালের দুর্দশার মধ্য দিয়ে ফুটে উঠেছে, বলে মন্তব্য করেছে ইজিআই (EGI)। ইজিআই-এর বিবৃতিতে আরও বলা হয়েছে যে, রাজাগোপালের মতো একজন সুপরিচিত ব্যক্তিত্বের ক্ষেত্রে যদি এমনটা ঘটতে পারে, তবে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের জেরে একইভাবে ভোটাধিকার হারানো এবং প্রতিকার চাওয়ার মতো সামর্থ্য বা কণ্ঠস্বর না থাকা অন্যদের ভাগ্যে কী ঘটেছে, তা সহজেই অনুমেয়। রবিবার প্রকাশিত বিবৃতিতে এডিটরস গিল্ড বলেছে, ‘ইজিআই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছে যেন তারা কাণ্ডজ্ঞান ও সহানুভূতির পরিচয় দেয় এবং অবিলম্বে রাজাগোপালের ভোটার হিসেবে পরিচয় পুনর্বহাল করে৷ পাশাপাশি একই পরিস্থিতির শিকার হওয়া অন্যদের ক্ষেত্রেও যেন অনুরূপ বিবেচনার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘দ্য ওয়্যার’ (The Wire)-এ প্রকাশিত একটি নিবন্ধে রাজাগোপাল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর থেকে তাঁর ভোগান্তির কথা তুলে ধরেছেন৷ এর ফলে তিনি এ বছরের শুরুর দিকে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। পরবর্তীকালে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিকেই তাঁর পাসপোর্ট নবায়ন না করার কারণ হিসেবে উল্লেখ করেন আধিকারিকরা। এর জেরে রাজাগোপাল যুক্তরাষ্ট্রে আয়োজিত তাঁর মেয়ের বিয়েতেও যোগ দিতে পারেননি।


