শান্তনু চ্যাটার্জি, অশোকনগর

আজ ১ জুলাই বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলার রূপকার ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়-এর ১৪৫তম জন্মদিবস ও মৃত্যুদিবস। পশ্চিমবঙ্গ-সহ অশোকনগর কল্যাণগড় পুরসভা অঞ্চলেও পুরসভা ও ডক্টর বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে পালিত হলো চিকিৎসক দিবস। এদিন পুরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় এই মহতী মানব দরদী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও চিকিৎসক দিবস পালিত হয়। অনুষ্ঠানের সূচনায় ডা: রায়ের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান উদ্যোক্তারা এবং অতিথিরা। এছাড়াও ছিল পড়ুয়াদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতা, বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতিচারণা, চিকিৎসকদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রাক্তন যুগ্ম সচিব ডা: পুষ্পেন্দু সেনগুপ্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রধান পরিষদ সদস্য সমীর দত্ত, ডক্টর সুজন সেন, প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, অংশুমান রায়, শিশু উৎসব কমিটির মিঠু মজুমদার, প্রাক্তন অধ্যাপক পীযুষকান্তি সাহা এবং অশোকনগর প্রেস ক্লাব-এর সদস্যরা-সহ ডা: বিধানচন্দ্র রায়ের অনুগামীরা। উল্লেখ্য, এদিন বিশেষ আকর্ষণ ছিল পুর-অঞ্চলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বক্তৃতা প্রতিযোগিতা। বিষয় ছিল ‘সমাজ ও মানব কল্যাণে ডক্টর বিধান চন্দ্র রায় এর ভাবনা’। এই প্রতিযোগিতায় মাত্র ১০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। কিন্তু তাদের বক্তৃতা উপস্থিত সকলের বিশেষ মনোগ্রাহী হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন প্রাক্তন শিক্ষক ধূর্জটি সান্যাল, শুনুপম দাস ও গোপাল চৌধুরী। কমিটির সভাপতি হিমাংশু দাস জানান, সমস্ত অনুষ্ঠান এর মাধ্যমে অশোকনগর কল্যাণগড় পুর-অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে এই মহতী মানুষের চিন্তা ও ভাবনাকে সাম্প্রসারণ করাই আমাদের লক্ষ্য।

79 Views