আশিস কুমার ঘোষ, অশোকনগর

নিজের কার্যালয়ে প্রতিজ্ঞা স্তম্ভের আবরণ উন্মোচন ও ইশতেহার প্রকাশ করলেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি। নির্বাচনে বিজয়ী হলে অশোকনগরবাসীর জন্য কি কি কাজ করবেন তা তিনি এই ইশতেহারের মাধ্যমে তুলে ধরেন। ভোটারদের কাছে তাঁর নির্বাচনী ইশতেহার পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী এবং হাবরা ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরিফুল ইসলামকে পাশে বসিয়ে এদিন ইশতেহার প্রকাশ করেন নারায়ণ গোস্বামী। এই ইশতেহারে বলা হয়েছে অশোকনগর ও হাবড়া জুড়ে ড্রেনেজ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পদ্মার খাল খনন করা হবে। পাট্টা বিলির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ১৪৫টি পাট্টা বিতরণ করা হয়েছে। নিউ সারদা পল্লী, কাঁকপুল, প্রফুল্লনগর এবং পিএল ক্যাম্প এলাকায় বাকি প্রক্রিয়া জারি রয়েছে। এছাড়াও অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পাট্টা বিলির কাজ সম্পন্ন করা হবে। অশোকনগর বাইগাছি এয়ারক্রাফ্ট মিউজিয়াম গড়ে তোলা হবে। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণ করা হবে। পাশাপাশি আশুদি বিলকে ঘিরে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হবে। এর মাধ্যমে পর্যটকের আগমন বাড়ানো হবে, যা পর্যটন ও স্থানীয় জীবিকাকে শক্তিশালী করবে।

শিল্প নিগমের পরিকল্পনা ইউনিটের অধীন কল্যাণী স্পিনিং মিলের ৩৬ একর জমি আন্তর্জাতিক টেক্সটাইল ব্র্যান্ডগুলোকে ফ্যাক্টরি আউটলেট স্থাপনের জন্য লিস্ট দেওয়া হয়েছে। প্রায় ১৬টি উৎপাদন ইউনিট নির্মাণ চলছে। এইসব ফ্যাক্টরি আইটলেট অশোকনগরের স্থানীয় বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে আরও শক্তিশালী করে তোলা হবে। পাশাপাশি হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানো হবে, যাতে এলাকার মানুষ আরও সহজে সুচিকিৎসা পান। এছাড়া সব্দালপুর গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডের করা হবে। স্টেশন সংলগ্ন এলাকা বিশেষ করে গুমা বিড়া নৈহাটি সংযোগস্থল ত্রিমোহিনী তিন রাস্তার মোড়ে রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন করা হবে। এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিন্ত করতে একটি স্বতন্ত্র ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। আর্সেনিক দূষণ সমস্যার সমাধানে পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার জন্য একটি নতুন পানীয় জলের পাইপলাইন স্থাপন করা হবে। শিক্ষিত যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ক্যারিয়ারের উন্নতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ও কোচিং সেন্টার চালু করা হবে।
কল্যাণগড়ে হকার ও বিক্রেতাদের জন্য কংক্রিটের ছাউনী সহ সুসংগঠিত হাটবাজার গড়ে তোলা হবে। দুই নম্বর খেলার মাঠকে দ্রুত সংস্কার করে আধুনিক ক্রিকেট মাঠে উন্নীত করা হবে, যা খেলাধুলার প্রসার ও মানুষের বিনোদনমূলক কার্যক্রমকে উৎসাহিত করবে।

89 Views