ওয়েব ডেস্ক : শিশু পড়ুয়াদের অঙ্কে ভীতি দূর করতে ও দক্ষতা বাড়াতে বীরভূম জেলার নলহাটিতে পথ চলা শুরু করল কিডোসিয়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। নলহাটি স্টেশন রোডে নলহাটি গার্লস হাইস্কুলের কাছে ২০ সেপ্টেম্বর রবিবার সকালে ফিতে কেটে এই সেন্টারের সূচনা করেন দুরিয়া ইএ হাইস্কুলের সহ-শিক্ষক আনোয়ার হোসেন। তাঁর সঙ্গে ছিলেন কিডোসিয়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা-শিক্ষিকা সালমা বেগম এবং আমন্ত্রিত অতিথিরা। এদিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে শিশুশিক্ষার বিকাশের লক্ষ্যে এই সেন্টার কাজ করবে উল্লেখ করে এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধান অতিথি তথা উদ্বোধক আনোয়ার হোসেন। এরপর ছোট শিক্ষার্থীদের লাইভ অ্যাবাকাস প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। কিডোসিয়ার প্রতিষ্ঠাতা-শিক্ষিকা সালমা বেগম জানান, স্থানীয় শিশু পড়ুয়াদের অভিভাবকদের জন্য বিনামূল্যে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে। তিনি বলেন, এতদিন মূলত বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল অ্যাবাকাস শিক্ষা। এদিন কিডোসিয়ার পথ চলা শুরুর মধ্য দিয়ে নলহাটি অঞ্চলে সুসংগঠিত ও পেশাদারভাবে পরিচালিত অ্যাবাকাস শিক্ষার সূচনা হলো। এই শিক্ষা পদ্ধতিতে প্রতিটি স্তর শেষে শিক্ষার্থীরা পাবে স্তর-উত্তীর্ণ সার্টিফিকেট। পাশাপাশি তাদের মানসিক বিকাশ ঘটবে এবং অঙ্কে দক্ষতা বাড়বে।
এদিন কিডোসিয়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সালমা বেগম জানিয়েছেন, অ্যাবাকাস মানবজাতির অন্যতম প্রাচীন গণনাযন্ত্র, এবং শিশুমনের বিকাশে এটি আজও এক শক্তিশালী মাধ্যম। কিডোসিয়ায় শিশুরা প্রথমে হাতে গুটি (বিড) নাড়িয়ে গণনা করতে শেখে, ধীরে ধীরে তারা মনে মনে অ্যাবাকাসের ছবি কল্পনা করতে শেখে এবং শেষে সম্পূর্ণ মানসিকভাবেই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে। এভাবে যে দক্ষতা শিশুর হয়, তাতে সে ক্যালকুলেটরের চেয়েও দ্রুতগতিতে অঙ্ক করতে পারে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই শিক্ষার উপকারিতা কেবল অঙ্কে দক্ষতা বিকাশেই সীমাবদ্ধ নয়, নিয়মিত অ্যাবাকাস চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি, কল্পনাশক্তি, শ্রবণক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায় বলে ব্যাপকভাবে স্বীকৃত। উল্লেখ্য, এই অনুশীলনে দুই হাত এবং মস্তিষ্কের দুই গোলার্ধই সক্রিয় থাকে, তাই এটি এমন এক বয়সে সামগ্রিক মানসিক বিকাশে সাহায্য করে যখন মস্তিষ্ক সবচেয়ে গ্রহণ করতে পারে। আর এই উন্নতি শুধু গণিতে নয়, বিদ্যালয়ের প্রতিটি বিষয়ের ফলাফলেও প্রতিফলিত হয়। কিডোসিয়ার প্রধান কর্মসূচি একটি সুসংগঠিত ৮-স্তরের অ্যাবাকাস ও মানসিক গণিত কোর্স, সময়কাল প্রায় আড়াই বছর-প্রতিটি শিশুকে তার নিজের অবস্থান থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার মতো করে সাজানো হয়েছে।


